সৈয়দপুরে ২ টাকায় ইফতার বিক্রেতা ৩৩ ক্ষুদ্র ব্যবসায়ীকে সংবর্ধনা দিলো আলহাজ্ব কুতুবুল আলম চ্যারিটি ফাউন্ডেশন

রাস্তার পাশে ছোট্ট দোকান, চুলায় ভাজা ছোলা আর পেঁয়াজু। চারপাশে ব্যস্ত মানুষ কেউ কিনছে, কেউ দাঁড়িয়ে দেখছে। কিন্তু দাম শুনলেই অবাক হতে হয়। কারন যে ইফতার ৫ টাকায় বিক্রি হওয়ার কথা, সেটিই মিলছে মাত্র ২ টাকায়!
এমন ব্যতিক্রমী মানবিক উদ্যোগই এবার সম্মান এনে দিল নীলফামারীর সৈয়দপুরের ৩৩ জন ক্ষুদ্র ও ফুটপাতের ইফতার বিক্রেতাকে। পুরো রমজান মাসজুড়ে স্বল্প লাভে নয়, বরং অনেক ক্ষেত্রে লোকসান গুনেও কম দামে ইফতার বিক্রি করেছেন তারা।
তাদের এই ব্যতিক্রমী উদ্যোগকে স্বীকৃতি দিতে মঙ্গলবার (১৭ মার্চ) রাতে শহরের ইকু হেরিটেজ হোটেলে ‘আলহাজ্ব কুতুবুল আলম চ্যারিটি ফাউন্ডেশন’ আয়োজন করে এক সংবর্ধনা অনুষ্ঠান। এতে
সংবর্ধিতদের হাতে তুলে দেওয়া হয় সম্মাননার ক্রেস্ট, উপহার হিসেবে জায়নামাজ।
শুধু ইফতার বিক্রেতারাই নন, বিনামূল্যে ইফতার ও সেহরি বিতরণকারী কয়েকটি সামাজিক সংগঠনকেও এ অনুষ্ঠানে সম্মাননা জানানো হয়। সবাইকে আপ্যায়ন করানো হয় রাতের খাবারে।
ফাউন্ডেশনের চেয়ারম্যান ইরফান আলম ইকুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইকু গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও সাবেক এমপি আলহাজ্ব সিদ্দিকুল আলম সিদ্দিক। বিশেষ অতিথি ছিলেন উপদেষ্টা সাংবাদিক এম আর আলম ঝন্টু।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের সামিউল আলিম, অপূর্ব, রাব্বি, রাজা, শিশির ও তানভিরসহ অন্যরা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাংবাদিক ও স্বেচ্ছাসেবী সংগঠক নওশাদ আনসারী।
সংবর্ধনা পাওয়া বিক্রেতাদের মধ্যে জামিল, বাবু, সাজেদা, সামির, জুলহাসসহ অন্যান্যরা জানান, জীবনে এই প্রথম তাদের মতো ক্ষুদ্র ও ফুটপাতের ব্যবসায়ীদের কোনো ফাউন্ডেশন সম্মানিত করেছে। এতে তারা যেমন অনুপ্রাণিত হয়েছেন, তেমনি রমজানের শেষ দিকে তেলের দাম বেড়ে গিয়ে কিছুটা লোকসান হলেও এই স্বীকৃতি তাদের সেই ক্ষতি ভুলিয়ে দিয়েছে।
তারা আরও বলেন, ১১ মাস আমরা ব্যবসা করি, কিন্তু রমজান মাসে ইবাদতের নিয়তে কম দামে ইফতার বিক্রি করেছি। আমাদের এই কাজকে আজ যারা সম্মানিত করেছে তাদের জন্য দোয়া করি।
ফাউন্ডেশনের চেয়ারম্যান ইরফান আলম ইকু বলেন, আপনাদের সম্মানিত করতে পেরে আমরা নিজেরাই গর্বিত। আপনারা যে মানবিকতার নজির স্থাপন করেছেন, তা সৈয়দপুরের সুনাম সারাদেশে ছড়িয়ে দিয়েছে।
প্রধান অতিথি সিদ্দিকুল আলম সিদ্দিক বলেন, ক্ষুদ্র ব্যবসায়ী হয়েও আপনারা যে মানবিকতার পরিচয় দিয়েছেন, তা অনেক বড় ব্যবসায়ীর জন্য শিক্ষণীয়। আপনাদের উদ্যোগ সারা দেশে ছড়িয়ে পড়ুক এই প্রত্যাশা করি।
উল্লেখ্য, রমজান মাসে সৈয়দপুরে যে ইফতার সামগ্রী সাধারণত ৫ টাকায় বিক্রি হতো, তা কমিয়ে ২ থেকে ৩ টাকায় বিক্রি করেন প্রায় ৩৫ থেকে ৪০ জন ক্ষুদ্র ব্যবসায়ী। এর ফলে নিম্ন ও মধ্যবিত্ত মানুষের জন্য স্বাচ্ছন্দ্যে ইফতার প্রহণ সহজ হয়। তাদের এই মানবিক উদ্যোগকে সম্মান জানাতেই এ সংবর্ধনার আয়োজন করা হয়।
এছাড়া রমজানজুড়ে বিনামূল্যে ইফতার ও সেহরি বিতরণে অবদান রাখায় ‘আহলে সুন্নাত ওয়াল জামায়াত’, ‘গরিব চিকিৎসা সেবা সংগঠন’ এবং ‘১ টাকায় ঈদের জামা’ কর্মসূচি বাস্তবায়নকারী ‘আমাদের প্রিয় সৈয়দপুর’ সংগঠনকেও সম্মাননা প্রদান করা হয়।






















