ট্যাংকুলাইজার ব্যবহার করে উদ্ধারের প্রস্তুতি
সুন্দরবনে হরিণ শিকারির ফাঁদে আটক রয়েল বেঙ্গল টাইগার

সুন্দরবনে চোরা হরিণ শিকারিদের পাতা ফাঁদে আটকে পড়েছে একটি রয়েল বেঙ্গল টাইগার। শনিবার (৩ জানুয়ারি) বিকেলে বাগেরহাট জেলার মোংলা উপজেলার জয়মনি এলাকার শরকির খাল সংলগ্ন সুন্দরবনের অভ্যন্তরে এ ঘটনা ঘটে।
সুন্দরবন পূর্ব বনবিভাগ সূত্র জানায়, রবিবার (৪ জানুয়ারি) সকালে ঢাকা থেকে আসা একটি বিশেষজ্ঞ টিম নিয়ে আটকে পড়া বাঘটি উদ্ধারে অভিযান শুরু করা হয়েছে।
সুন্দরবন পূর্ব বনবিভাগের চাঁদপাই রেঞ্জের সহকারী বনসংরক্ষক (এসিএফ) দ্বীপন চন্দ্র দাস জানান, জয়মনি এলাকার শরকির খালপাড়ে চোরা শিকারিরা হরিণ শিকারের উদ্দেশ্যে যে ফাঁদ পেতে রেখেছিল, তাতেই বাঘটি আটকে পড়ে।
তিনি আরও বলেন, বাঘটি উদ্ধারে ট্যাংকুলাইজার (নিশ্চেতনকারী ওষুধ) ব্যবহার করা হবে। ট্যাংকুলাইজার প্রয়োগের পর বাঘটি প্রায় আধা ঘণ্টা অচেতন থাকবে। এই সময়ের মধ্যেই সেটিকে নিরাপদে ফাঁদ থেকে মুক্ত করা হবে।
এছাড়া বাঘটি যদি ফাঁদে আটকে পড়ে বা অন্য কোনো কারণে আহত বা অসুস্থ হয়ে থাকে, তাহলে উদ্ধার শেষে সেটিকে লোহার খাঁচায় রেখে খুলনা অথবা ঢাকার বনবিভাগের রেসকিউ সেন্টারে পাঠানো হবে।
বনবিভাগ জানায়, বাঘের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি শিকারিদের শনাক্ত ও ফাঁদ অপসারণে এলাকাজুড়ে তল্লাশি জোরদার করা হয়েছে।






















