প্রতীক বরাদ্দের পর তালা-কলারোয়া জুড়ে উৎসবের আমেজ
সাতক্ষীরা-১ আসনে ধানের শীষ পেলেন হাবিবুল ইসলাম হাবিব

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে। সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে এই আসনে ধানের শীষ প্রতীকসহ চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন গণমানুষের জনপ্রিয় নেতা ও সাবেক সফল সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব।
বুধবার সকালে আনুষ্ঠানিকভাবে প্রতীক বরাদ্দের সময় তার হাতে ধানের শীষ তুলে দেওয়া হয়। এ খবর এলাকায় পৌঁছানোর সঙ্গে সঙ্গেই দলীয় নেতাকর্মী ও সাধারণ ভোটারদের মাঝে ব্যাপক আনন্দ-উদ্দীপনা ছড়িয়ে পড়ে। তালা ও কলারোয়া উপজেলার বিভিন্ন এলাকায় খণ্ড খণ্ড মিছিল, স্লোগান এবং মিষ্টি বিতরণের মধ্য দিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন নেতাকর্মীরা।
স্থানীয়দের ভাষ্য, হাবিবুল ইসলাম হাবিব দীর্ঘদিন ধরে এলাকার মানুষের সুখ-দুঃখের সঙ্গী। শিক্ষা, যোগাযোগ ও সামাজিক উন্নয়নে তার অবদান এখনো মানুষের মুখে মুখে। সে কারণেই তিনি বারবার জনগণের আস্থা ও ভালোবাসা অর্জন করেছেন।
প্রতীক পাওয়ার পর প্রতিক্রিয়ায় হাবিবুল ইসলাম হাবিব মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং গণতন্ত্র পুনরুদ্ধার ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির আন্দোলনে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। তিনি বলেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হলে তালা-কলারোয়ার মানুষ আবারও ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে তাকে জনগণের সেবা করার সুযোগ দেবেন।
নেতাকর্মীদের দাবি, হাবিবুল ইসলাম হাবিবের জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতাই এই আসনে ধানের শীষের সবচেয়ে বড় শক্তি, যা আসন্ন নির্বাচনে বিজয়ের পথে এগিয়ে রাখবে।




















