২৯টি মনোনয়নপত্র যাচাই শেষে সিদ্ধান্ত
সাতক্ষীরার ৪ আসনে ১৯ প্রার্থীর মনোনয়ন বৈধ, বাতিল ১০

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরার চারটি সংসদীয় আসনে দাখিলকৃত মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ১৯ জন প্রার্থীকে বৈধ এবং ১০ জনের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে।
শনিবার (৩ জানুয়ারি) সাতক্ষীরা জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে প্রার্থীদের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে যাচাই-বাছাই কার্যক্রম সম্পন্ন করা হয়। এর আগে গত ২৯ ডিসেম্বর সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয় ও উপজেলা নির্বাচন অফিসে মোট ২৯ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন।
সাতক্ষীরা-১ আসন
এ আসনে ৬ জন প্রার্থীর মধ্যে স্বতন্ত্র প্রার্থী এস এম মুজিবর রহমান ১ শতাংশ ভোটারের স্বাক্ষর দাখিল না করায় তার মনোনয়ন বাতিল করা হয়। বৈধ ঘোষিত ৫ জন প্রার্থী হলেন, বাংলাদেশ কংগ্রেসের মো. ইয়ারুল ইসলাম, জামায়াতে ইসলামীর মো. ইজ্জত উল্লাহ, জাতীয় পার্টির জিয়াউর রহমান, বিএনপির হাবিবুল ইসলাম হাবিব, ইসলামী আন্দোলন বাংলাদেশের শেখ মো. রেজাউল করিম।
সাতক্ষীরা-২ আসন
৮ জন প্রার্থীর মধ্যে শেখ মাতলুব হোসেন লিয়ন–এর মনোনয়ন বাতিল করা হয়। বাকি ৭ জনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়। তারা হলেন, জামায়াতে ইসলামীর মুহাম্মাদ আব্দুল খালেক, বিএনপির মো. আব্দুর রউফ, জাতীয় পার্টির মো. আশরাফুজ্জামান, আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) জিএম সালাউদ্দিন, জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)–এর মো. ইদ্রিস আলী, ইসলামী আন্দোলন বাংলাদেশের মুফতি রবীউল ইসলাম, লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) শফিকুল ইসলাম শাহেদ।
সাতক্ষীরা-৩ আসন
এ আসনে ৮ জন প্রার্থীর মধ্যে ৪ জনের মনোনয়ন বাতিল করা হয়েছে। ১ শতাংশ ভোটারের স্বাক্ষর তালিকায় ত্রুটি ও তালিকা দাখিল না করায় বাতিল হন স্বতন্ত্র প্রার্থী মো. শহিদুল আলম, এম এ আসাফউদ্দৌলা খান ও আসলাম আল মেহেদী। এছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. ওয়েজ কুরনী’র মনোনয়নও বাতিল হয়।
বৈধ ঘোষিত প্রার্থীরা হলেন, বিএনপির কাজী আলাউদ্দীন, জামায়াতে ইসলামীর হাফেজ মুহা. রবিউল বাশার,
জাতীয় পার্টির আলিপ হোসেন, বাংলাদেশ মাইনারিটি জনতা পার্টির (বিএমজেপি) রুবেল হোসেন।
সাতক্ষীরা-৪ আসন
৭ জন প্রার্থীর মধ্যে ৩ জনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। তারা হলেন, বিএনপির মো. মনিরুজ্জামান,
জামায়াতে ইসলামীর জিএম নজরুল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশের এস এম মোস্তফা আল মামুন।
বিদ্যুৎ বিল বকেয়া, ঋণ খেলাপি ও প্রয়োজনীয় স্বাক্ষর না থাকায় ৪ জন প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়।
এ বিষয়ে সাতক্ষীরা জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মিজ আফরোজা আখতার বলেন, “সাতক্ষীরার চারটি আসনে মোট ২৯ জন প্রার্থীর মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ১৯ জনকে বৈধ ও ১০ জনের মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়েছে।”





















