সরকারের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি ইনকিলাব মঞ্চের

শহীদ শরিফ ওসমান হাদি হত্যার বিচার দাবিতে রাজধানীর শাহবাগে টানা দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ চালিয়ে যাচ্ছে ইনকিলাব মঞ্চ। শনিবার (২৭ ডিসেম্বর) বিক্ষোভ কর্মসূচি থেকে সংগঠনটি হুঁশিয়ারি দিয়ে জানায়, বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত কাউকেই ‘সেফ এক্সিট’ দেওয়া হবে না।
বিক্ষোভে সংগঠনটির সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের বলেন, সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো কার্যকর পদক্ষেপ না নেওয়ায় পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে। তিনি জানান, প্রয়োজনে যেকোনো মুহূর্তে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা ও সংসদ ভবন ঘেরাওয়ের কঠোর কর্মসূচি ঘোষণা করা হতে পারে।
শাহবাগ মোড়ে অবস্থান কর্মসূচি থেকে ছাত্র-জনতা হাদির খুনিদের দ্রুত গ্রেফতার এবং হত্যার নেপথ্যের পরিকল্পনাকারীদের চিহ্নিত করার দাবিতে স্লোগান দেন। ইনকিলাব মঞ্চ জানায়, ন্যায়বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত তারা রাজপথ ছাড়বে না।
সরকারের উপদেষ্টাদের উদ্দেশে কঠোর ভাষায় সমালোচনা করে আব্দুল্লাহ আল জাবের বলেন, যারা ভাবছেন ক্ষমতা শেষে নিরাপদে দেশ ছাড়বেন, তাদের সেই স্বপ্ন পূরণ হবে না। তিনি অভিযোগ করেন, ১ হাজার ৪০০ শহিদের রক্তের ওপর দাঁড়িয়ে ক্ষমতায় এলেও সরকার বিচার নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে।
হাদি হত্যার বিচারে কারা বাধা সৃষ্টি করছে—সে বিষয়ে স্পষ্ট ব্যাখ্যা দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, খুনিদের নাম প্রকাশ করুন, প্রয়োজনে আমরা আপনাদের নিরাপত্তা দেব। কিন্তু বিচার না হলে জনতার কাঠগড়ায় দাঁড়াতে হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।


























