সন্ত্রাস বিরোধী মামলায় সাবেক এমপি বুবলীর জামিন নামঞ্জুর

সন্ত্রাস বিরোধী আইনে দায়ের করা মামলায় সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য ও নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নরসিংদী জেলা মহিলা বিষয়ক সম্পাদক তামান্না নুসরাত বুবলীর (৪৫) জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত।
বুধবার (১ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সাইফুজ্জামান এর আদালতে তার আইনজীবী জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত আবেদনটি খারিজ করে দেন।
এর আগে গত ২৮ সেপ্টেম্বর (রবিবার) রাজধানীর মিরপুর এলাকা থেকে তামান্না নুসরাত বুবলীকে গ্রেফতার করে পুলিশ। পরদিন (২৯ সেপ্টেম্বর) তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে মামলার তদন্তকারী কর্মকর্তা। সে সময় তদন্ত কর্মকর্তা তাকে কারাগারে পাঠানোর আবেদন করলে আদালত আবেদন মঞ্জুর করেন।
মামলার এজাহার অনুযায়ী, গত ২৪ সেপ্টেম্বর তেজগাঁও থানার ফার্মগেটের আনন্দ সিনেমা হলের সামনে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ, আওয়ামী লীগ, যুবলীগ ও তাদের অঙ্গ সংগঠনের কয়েকজন সদস্য অবৈধভাবে সমাবেশ করে ব্যানার হাতে মিছিল আয়োজনের চেষ্টা চালায়। পরে তারা মিছিল নিয়ে পান্থপথের দিকে অগ্রসর হয়ে জনমনে আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে ককটেল বিস্ফোরণ ঘটায়।
এ ঘটনায় পরদিন ২৫ সেপ্টেম্বর তেজগাঁও থানায় সন্ত্রাস বিরোধী আইনে মামলা দায়ের করেন পুলিশ। তামান্না নুসরাত বুবলী ওই মামলার এজাহারভুক্ত আসামি হিসেবে বর্তমানে কারাগারে রয়েছেন।


























