চাঁপাইনবাবগঞ্জে ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন
ষড়যন্ত্রমূলক মাদক মামলায় কৃষক গ্রেফতারের প্রতিবাদ

ষড়যন্ত্র করে অবৈধ মাদক হেরোইন দিয়ে একজন নিরপরাধ কৃষককে গ্রেফতার করার অভিযোগ তুলে চাঁপাইনবাবগঞ্জে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৮ জানুয়ারি) দুপুরে স্থানীয় একটি প্রেসক্লাবে ভুক্তভোগী পরিবার এই সংবাদ সম্মেলনের আয়োজন করে।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন গ্রেফতার এবরান আলীর ছেলে ও সাংবাদিক আলী হোসেন। তিনি অভিযোগ করেন, তার পিতা এবরান আলী একজন সাধারণ কৃষক এবং পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। অথচ তাকে সুপরিকল্পিতভাবে একটি মাদক মামলায় ফাঁসানো হয়েছে।
লিখিত বক্তব্যে দাবি করা হয়, এবরান আলীর সঙ্গে মাদক ক্রয়-বিক্রয়ের কোনো ধরনের সম্পৃক্ততা নেই। তবুও গত শুক্রবার দিবাগত গভীর রাতে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য জুয়েল রানার ইন্ধনে র্যাব তাকে আটক করে। অভিযোগ অনুযায়ী, প্রায় ৩ কোটি টাকা মূল্যের হেরোইন দিয়ে তাকে ফাঁসানো হয়েছে।
ভুক্তভোগী পরিবারের দাবি, একজন সাধারণ কৃষকের কাছে এত বিপুল পরিমাণ মাদক থাকা সম্পূর্ণ অবাস্তব ও অসম্ভব। তারা এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
সংবাদ সম্মেলনে আলী হোসেন আরও বলেন, তিনি সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত থাকায় এলাকায় মাদকবিরোধী একাধিক সংবাদ প্রকাশ করেছেন। এর জেরে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি হিসেবে পরিচিত জুয়েল মেম্বার তাকে একাধিকবার মারধর ও হত্যার হুমকি দিয়েছেন বলে অভিযোগ করেন তিনি।
তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, “একজন চিহ্নিত ও সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেফতার না করে তার তথ্যের ভিত্তিতে নিরীহ মানুষদের হয়রানি করা হচ্ছে, যা অত্যন্ত উদ্বেগজনক।”
সংবাদ সম্মেলনের শেষ পর্যায়ে ভুক্তভোগী পরিবার র্যাবের হাতে আটক এবরান আলীর নিঃশর্ত মুক্তি, ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত এবং নেপথ্যে জড়িত প্রকৃত অপরাধীদের দ্রুত গ্রেফতারের জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান।




















