শ্রীমঙ্গলে ফিরেই হাসপাতালে এমপি হাজী মুজিবের মানবিক উপস্থিতি

নবনির্বাচিত সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণের আনুষ্ঠানিকতা শেষে নিজ নির্বাচনী এলাকা শ্রীমঙ্গল-এ পা রাখতেই সরাসরি হাসপাতালে ছুটে গেলেন মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব)। তিনি মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল–কমলগঞ্জ) আসনের সংসদ সদস্য।
শনিবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে তিনি শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন। সেখানে চিকিৎসাধীন রোগীদের খোঁজখবর নেন এবং তাদের সঙ্গে কথা বলে চিকিৎসাসেবার সার্বিক পরিস্থিতি সম্পর্কে অবগত হন।
এ সময় হাসপাতালের চিকিৎসক, নার্স ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করে বিদ্যমান সমস্যা, অবকাঠামোগত চাহিদা এবং সেবার মানোন্নয়নের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করেন তিনি।
এমপি হাজী মুজিব বলেন, জনগণের রায়ে নির্বাচিত হওয়ার পর তাদের কল্যাণে কাজ করাই তার প্রধান দায়িত্ব। স্বাস্থ্যসেবা মানুষের মৌলিক অধিকার উল্লেখ করে তিনি আশ্বস্ত করেন, হাসপাতালের সার্বিক উন্নয়নে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা প্রদান করা হবে।
দায়িত্ব গ্রহণের পরপরই সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর এই উদ্যোগ স্থানীয়দের মাঝে ইতিবাচক সাড়া ফেলেছে। হাসপাতাল প্রাঙ্গণে উপস্থিত রোগী ও স্বজনরা তার মানবিক উপস্থিতিকে স্বাগত জানান। এলাকাবাসীর প্রত্যাশা, জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে তার এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।



















