পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন
লাখাইয়ে তিন গ্রামবাসীর সংঘর্ষে নিহত ১, আহত ২০

হবিগঞ্জ জেলার লাখাই উপজেলায় জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে তিন গ্রামের গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনায় হিরাজ মিয়া (৫৫) নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ২০ জন আহত হয়েছেন বলে জানা গেছে।
শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে লাখাই উপজেলার বুল্লা ইউনিয়নের বালিগ্রাম, মকসুদপুর ও মীরপুর গ্রামবাসীর মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, বালিগ্রাম ও মীরপুর গ্রামের বর্তমান ইউপি সদস্য আলাল মিয়া ও সবুজ মিয়া পক্ষের সঙ্গে অপর পক্ষের সাবেক ইউপি সদস্য সাহেব আলী ও নোয়াজ আলী গংদের মধ্যে দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলছিল। এরই জেরে উভয় পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
সংঘর্ষে গুরুতর আহত হন বালিগ্রাম গ্রামের হযরত আলীর ছেলে হিরাজ মিয়া। তাকে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আহতদের মধ্যে রয়েছেন কামাল মিয়া, রেজাউল, আকতার মিয়া, রকিব মিয়া, ফয়জুল, জুবায়েদ, মহিউদ্দিন, হারুন, সোয়াব মিয়া, জিসান মিয়া, ধলাই মিয়া ও নুর ইসলামসহ আরও অনেকে।
আহতদের হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে বালিগ্রামের ধলাই মিয়া (৬৫) ও মকসুদপুর গ্রামের নুর ইসলামের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এ বিষয়ে লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাহিদুল হক জানান, সংঘর্ষের সংবাদ পেয়ে তিনি নিজে ও উপপরিদর্শক আকতারুজ্জামান, বিপুল চন্দ্র দেবনাথসহ পুলিশ সদস্যরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
তিনি আরও জানান, হবিগঞ্জ সদর মডেল থানার পুলিশ নিহত হিরাজ মিয়ার মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।




















