রোববার থেকে অফিস চলবে নতুন সময়সূচিতে

দেশে জ্বালানি সংকট মোকাবিলায় সরকারি ও বেসরকারি অফিসের কর্মঘণ্টা কমানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। নতুন এই সময়সূচি রোববার (৫ এপ্রিল) থেকে কার্যকর হচ্ছে।
গত বৃহস্পতিবার (২ এপ্রিল) রাতে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। সিদ্ধান্ত অনুযায়ী, অফিস সময় এক ঘণ্টা কমিয়ে মোট ৭ ঘণ্টা নির্ধারণ করা হয়েছে। নতুন সূচি অনুযায়ী সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সব সরকারি ও বেসরকারি অফিস কার্যক্রম চলবে।
একই বৈঠকে জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে সন্ধ্যা ৬টার পর শপিংমল ও দোকানপাট বন্ধ রাখার নির্দেশনাও দেওয়া হয়েছে। পাশাপাশি বিয়ে বাড়িতে আলোকসজ্জা সীমিত রাখার কথাও বলা হয়েছে।
এদিকে, নতুন সময়সূচির সঙ্গে সামঞ্জস্য রেখে ব্যাংকিং কার্যক্রমেও পরিবর্তন আনা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের বিজ্ঞপ্তি অনুযায়ী, রোববার থেকে ব্যাংক খোলা থাকবে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। তবে গ্রাহক লেনদেন চলবে সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত।
পরিপত্রে আরও জানানো হয়, সমুদ্র, স্থল ও বিমানবন্দর এলাকায় অবস্থিত ব্যাংকের শাখাগুলো আগের মতোই সপ্তাহে ৭ দিন ২৪ ঘণ্টা চালু থাকবে।





















