বিএনপি ক্ষমতায় এলে মাদক ও চাঁদাবাজি নির্মূলের অঙ্গীকার
রাজশাহী পবা-মোহনপুরে বিএনপি প্রার্থী মিলনের নির্বাচনী প্রচার

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজশাহীর পবা-মোহনপুর আসনে ব্যাপক গণসংযোগ করেছেন বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী অ্যাডভোকেট শফিকুল হক মিলন।
শুক্রবার সকাল থেকে কাটাখালি পৌর এলাকায় শুরু হওয়া এই গণসংযোগে মিলন বলেন, “অতীতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে দেশের লাল-সবুজের পতাকা নিরাপদ ছিল। আজও বিএনপি চেয়ারপারসন তারেক রহমানের হাতেই দেশ ও পতাকা নিরাপদ।”
তিনি দেশ ও গণতন্ত্র রক্ষায় ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।
গণসংযোগ শুরুর আগে তিনি কাপাসিয়া সরদারপাড়া গোরস্থানে কবর জিয়ারত করেন। পরে পথসভায় বক্তব্য রাখতে গিয়ে বলেন, বিএনপি জনগণের দল। বিএনপি ক্ষমতায় থাকলে জনগণ নিরাপদ থাকে এবং দেশের সার্বভৌমত্ব অক্ষুণ্ন থাকে।
তিনি আরও জানান, বিএনপি ক্ষমতায় এলে সমাজ থেকে মাদক, চাঁদাবাজি ও কিশোর গ্যাং নির্মূলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি পবা ও মোহনপুর উপজেলার সার্বিক উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে।
বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে একটি আধুনিক ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
নারী উন্নয়নের প্রসঙ্গে মিলন বলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দেখানো পথ অনুসরণ করে নারীদের ক্ষমতায়ন নিশ্চিত করা হবে। পরিবারের নারীদের হাতে পারিবারিক কার্ড প্রদান, কৃষকদের জন্য কৃষি কার্ড চালু এবং খাল খনন কর্মসূচি বাস্তবায়নের প্রতিশ্রুতিও দেন তিনি।
রাজশাহী জেলা কৃষিনির্ভর উল্লেখ করে মিলন বলেন, পবা, মোহনপুর ও গোদাগাড়ীসহ আশপাশের উপজেলায় উৎপাদিত কৃষিপণ্য সংরক্ষণের জন্য রাজশাহীতে একটি কৃষি ইপিজেড স্থাপন করা হবে। একই সঙ্গে কলকারখানা গড়ে তোলা, কর্মমুখী শিক্ষার প্রসার এবং ক্লাস ফোর থেকে খেলাধুলাকে বাধ্যতামূলক বিষয় হিসেবে চালুর প্রস্তাব দেন তিনি।
এদিকে বিএনপির গণসংযোগকে ঘিরে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। প্রিয় নেতাকে এক নজর দেখার জন্য রাস্তায় নেমে আসে বিভিন্ন বয়সী মানুষ। শিশু, নারী ও বৃদ্ধসহ নানা শ্রেণির মানুষ মিলনকে শুভেচ্ছা জানান এবং ধানের শীষে ভোট দেওয়ার আশ্বাস দেন।
গণসংযোগকালে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন উজ্জ্বল, পবা উপজেলা বিএনপির সদস্য সচিব সহকারী অধ্যাপক আব্দুর রাজ্জাক, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সিরাজুল ইসলাম, কাটাখালি পৌর বিএনপির আহ্বায়ক নুরুল, সদস্য সচিব নাজমুল হক, জেলা যুবদলের সাবেক সভাপতি মোজাদ্দেদ জামানি সুমন, জেলা কৃষক দলের সদস্য সচিব আকুল হোসেন মিঠুসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।




















