সাংবাদিকতার নামে অনিয়মের অভিযোগ
মিথ্যা সংবাদ প্রচারের অভিযোগে গোদাগাড়ীতে মানববন্ধন

রাজশাহীর গোদাগাড়ীতে মিথ্যা সংবাদ প্রচার করে অর্থ আদায়ের অভিযোগে এক সাংবাদিকের বিরুদ্ধে মানববন্ধন করেছে স্থানীয় জনতা। সোমবার (১২ জানুয়ারি) বিকেল ৩টায় উপজেলার সাহাব্দিপুর মোড় এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে অংশ নেওয়া স্থানীয়রা অভিযোগ করেন, সাংবাদিক সাইফুল বিভিন্ন সময় নিজে সংবাদ প্রকাশ না করে অন্য সাংবাদিকদের মাধ্যমে মিথ্যা ও বিভ্রান্তিকর সংবাদ ছড়িয়ে ভুক্তভোগীদের কাছ থেকে অর্থ আদায় করতেন।
ভুক্তভোগী আবুল কালাম বলেন, “একটি দুর্ঘটনার ঘটনাকে কেন্দ্র করে আমাদের ভয় দেখিয়ে টাকা নেওয়া হয়েছে। প্রশাসনের সঙ্গে সখ্যতার কথা বলে ফোনে অর্থ আদায় করে পরে নিজেরা ভাগ করে নিত।”
তিনি আরও অভিযোগ করেন, এসব ঘটনায় প্রতিবাদ করায় হামলা ও মামলার হুমকির শিকার হয়েছেন তারা এবং বর্তমানে নিরাপত্তাহীনতায় ভুগছেন।
স্থানীয় বাসিন্দা শহীদুল বলেন, “এ ধরনের ব্যক্তি প্রশাসনের নাম ব্যবহার করে সাধারণ মানুষের অধিকার লঙ্ঘন করছে। দ্রুত প্রশাসনিক ব্যবস্থা নেওয়া প্রয়োজন।”
এছাড়া মহিশালবাড়ী বাজার কমিটির এক কর্মচারী (নাম প্রকাশে অনিচ্ছুক) অভিযোগ করেন, সাংবাদিক সাইফুল বাজার কমিটির যুগ্ম আহ্বায়ক থাকাকালে কর্মচারীদের বেতন আত্মসাৎ ও অতিরিক্ত বিল দেখিয়ে অর্থ হাতিয়ে নিয়েছেন।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা সাংবাদিকতার নামে ক্ষমতার অপব্যবহার ও অনিয়মের বিরুদ্ধে দ্রুত তদন্ত এবং দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।





















