মালয়েশিয়া থেকে এলো ৩৪ হাজার টন ডিজেল

এবার মালয়েশিয়া থেকে ৩৪ হাজার টন বেশি ডিজেল নিয়ে দেশে এলো ‘শান গ্যাং ফা জিয়ান’ নামের একটি অয়েল ট্যাংকার। লাইটারিং শেষে রোববার (৫ এপ্রিল) জাহাজটি পতেঙ্গার ডলফিন জেটিতে ভিড়তে পারে।
শুক্রবার (৩ এপ্রিল) রাত ১০টার দিকে জাহাজটি বঙ্গোপসাগরের কুতুবদিয়া উপকূলে অবস্থান নেয়।
জাহাজটির স্থানীয় এজেন্ট প্রাইড শিপিং লাইনসের ম্যানেজিং পার্টনার নজরুল ইসলাম বলেন, জাহাজটিতে ৩৪ হাজার টনের কিছু বেশি ডিজেল রয়েছে। এরমধ্যে ৫ থেকে ৬ হাজার টন ডিজেল বহির্নোঙরেই লাইটারিংয়ের মাধ্যমে ছোট জাহাজে খালাস করতে হবে। অন্তত দুই দফায় এই প্রক্রিয়া সম্পন্ন হবে।
এর আগে শনিবার দুপুরে সিঙ্গাপুর থেকে আসা ২৭ হাজার ৩০০ টন ডিজেলবাহী আরেকটি জাহাজ ৬ নম্বর ডলফিন জেটিতে তেল খালাস কার্যক্রম শুরু করেছে, যা রোববার বন্দর ত্যাগ করার কথা রয়েছে।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব সৈয়দ রেফায়েত হামিম বলেন, দেশের চলমান জ্বালানি সংকট নিরসনে তেল ও গ্যাসবাহী জাহাজগুলোকে অগ্রাধিকার ভিত্তিতে বার্থিং দেওয়া হচ্ছে।





















