উপজেলা পরিষদ প্রাঙ্গণে প্রচার কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে
মানিকগঞ্জে গণভোট বিষয়ে সচেতনতা কর্মসূচি

মানিকগঞ্জের হরিরামপুরে গণভোট ২০২৬ বিষয়ে জনগণকে সচেতন করতে জনসচেতনতামূলক প্রচার কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
“গণভোট ২০২৬, সংসদ নির্বাচন ‘দেশের চাবি আপনার হাতে’ এই স্লোগানকে সামনে রেখে বুধবার (২১ জানুয়ারি) দুপুর ১২টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে এ কর্মসূচি আয়োজন করা হয়।
প্রচার কার্যক্রমে জানানো হয়, গণভোটে “হ্যাঁ” ভোট দিলে রাষ্ট্র পরিচালনায় গুরুত্বপূর্ণ সংস্কার বাস্তবায়নের সুযোগ তৈরি হবে। এর মধ্যে রয়েছে-তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন ও সরকারি কর্ম কমিশন গঠনে সরকারি ও বিরোধী দলের যৌথ ভূমিকা, সংবিধান পরিবর্তনে গণভোটের বাধ্যবাধকতা, বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার ও গুরুত্বপূর্ণ সংসদীয় কমিটির সভাপতি নির্বাচন, কোনো ব্যক্তি সর্বোচ্চ ১০ বছরের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না, সংসদে নারীর প্রতিনিধিত্ব পর্যায়ক্রমে বৃদ্ধি, ক্ষমতার ভারসাম্য রক্ষায় সংসদের উচ্চকক্ষ গঠন, স্বাধীন বিচারব্যবস্থা নিশ্চিতকরণ, মৌলিক অধিকার সম্প্রসারণ, যেমন—ইন্টারনেট সেবা বন্ধ না করার নিশ্চয়তা, দণ্ডপ্রাপ্ত অপরাধীকে রাষ্ট্রপতির ইচ্ছামতো ক্ষমা না করার বিধান, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার মধ্যে ভারসাম্য, রাষ্ট্রভাষা বাংলার মর্যাদার পাশাপাশি ক্ষুদ্র জাতিগোষ্ঠীর ভাষার সাংবিধানিক স্বীকৃতি।
আয়োজকরা জানান, গণভোটে “না” ভোট দিলে এসব সংস্কার কার্যকর হবে না। তাই পরিবর্তনের জন্য জনগণকে সচেতন ও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।




















