মাদ্রাসা শিক্ষকের ফেসবুক লাইভ ভাইরাল
মাধবপুরে বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ

হবিগঞ্জের মাধবপুরে ইউপি চেয়ারম্যান ও বিএনপি নেতা পারভেজ হোসেন চৌধুরীর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ করেছেন শোয়াইব আহমেদ আশ্রাফী, এক ইসলামী বক্তা ও মাদ্রাসা শিক্ষক। তার ফেসবুক লাইভ ভিডিওটি ভাইরাল হয়ে গেছে এবং মাত্র এক ঘণ্টায় এটি ২ লাখ ভিউ পেয়েছে।
সোমবার (৬ জানুয়ারি) দুপুরে শোয়াইব আহমেদ আশ্রাফী তার ফেসবুক লাইভে বলেন, “আমি মাদ্রাসার নির্মাণের জন্য মাটি নিয়ে যাচ্ছিলাম, তখন ইউপি চেয়ারম্যান পারভেজ চৌধুরী এবং তার লোকজন এসে চাঁদাবাজি শুরু করে। চাঁদা না দেওয়ায় তারা আমার গাড়ি থামিয়ে রেখেছে। দেশবাসী, দয়া করে এই অন্যায়ের বিচার করুন।” তিনি আরও জানান, “এটি প্রথম নয়, আগে এই ধরনের চাঁদাবাজির শিকার হয়েছি।” ফেসবুক লাইভে তিনি দেশবাসী এবং আইনশৃঙ্খলা বাহিনীর দৃষ্টি আকর্ষণ করেন।
এ বিষয়ে জানতে চাইলে শাহজাহানপুর ইউপি চেয়ারম্যান ও বিএনপি নেতা পারভেজ হোসেন চৌধুরী বলেন, “আমি ঘটনাস্থলে ছিলাম না। তবে, সম্পদপুর মৌজায় আমার বালুর লিজ রয়েছে। কিন্তু ফসলী জমি থেকে মাটি কাটা আইনসঙ্গত নয়। বিষয়টি আমি খোঁজ নিয়ে দেখছি।”
ভূমি অফিসের তহসীলদার সোহেল মিয়া বলেন, “সম্পদপুর মৌজায় সরকারি নদী থেকে মাটির লিজ রয়েছে, কিন্তু ফসলী জমি থেকে মাটি কাটা নিয়ে কোনো লিজ নেই। ইউপি চেয়ারম্যান বা তার লোকজনের কোনো এখতিয়ার নেই এই মাটি কাটার বিষয়টি আটকানোর।”
এ বিষয়ে শোয়াইব আহমেদ আশ্রাফী বলেন, “আমি উপজেলা ইউএনও অফিসে এসে অভিযোগ জানিয়েছি। আমি কোনো দল বা ব্যক্তি থেকে ভয় পাই না। অন্যায়ের প্রতিবাদ করা আমার দায়িত্ব। ব্যক্তি বা দল যেই হোক, অন্যায় করলে তার প্রতিবাদ করব।” তিনি আরও জানান, “আমি ফেসবুক লাইভ কাটবো না, যতদিন না এই অন্যায়ের বিচার হয়।”
এ ঘটনা নিয়ে মাধবপুর উপজেলায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এবং এটি সারা দেশে আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে।




















