মসজিদের নাম পরিবর্তন নিয়ে উত্তেজনা, ১৪৪ ধারা জারি

হবিগঞ্জের মাধবপুর উপজেলা-এ একটি মসজিদের নাম পরিবর্তনকে কেন্দ্র করে সৃষ্ট উত্তেজনার প্রেক্ষিতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ফৌজদারি কার্যবিধির ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ জাহিদ বিন কাসেম স্বাক্ষরিত এক আদেশে জানানো হয়, উপজেলার জগদীশপুর ইউনিয়ন-এর উত্তরপাড়া এলাকায় একটি মসজিদের নাম পরিবর্তনকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বিরোধ ও উত্তেজনা সৃষ্টি হয়েছে। এতে যে কোনো সময় বড় ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা এবং জনসাধারণের জানমাল রক্ষা ও শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে ১৫ মার্চ ২০২৬ থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ওই এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে।
জারি করা আদেশ অনুযায়ী, নির্ধারিত এলাকায় পাঁচজন বা তার বেশি ব্যক্তির জমায়েত, সভা-সমাবেশ, মিছিল কিংবা যেকোনো ধরনের উসকানিমূলক কার্যক্রম সম্পূর্ণভাবে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নির্দেশনা মেনে চলার জন্য সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ জানানো হয়েছে।
উপজেলা প্রশাসন জানিয়েছে, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই আদেশ কার্যকর থাকবে। পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বিষয়টি বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।





















