জোটের সিদ্ধান্তে প্রার্থী পরিবর্তনের প্রতিবাদে
মনোনয়ন প্রত্যাহার ঠেকাতে রাজনগরে জামায়াত প্রার্থীর বাড়ি ঘেরাও

মৌলভীবাজারের রাজনগরে মনোনয়ন প্রত্যাহার ঠেকাতে জামায়াতে ইসলামীর প্রার্থী আব্দুল মান্নানের বাড়ি ঘেরাও করেছেন নিজ দলের নেতাকর্মী ও স্থানীয় এলাকাবাসী। এতে এলাকায় রাজনৈতিক উত্তেজনা সৃষ্টি হয়েছে।
মঙ্গলবার (২০ জানুয়ারি) সকাল থেকে রাজনগর উপজেলার দত্তগ্রাম গ্রামের নিজ বাড়িতে তাকে অবরুদ্ধ করে রাখা হয়, যাতে তিনি মনোনয়নপত্র প্রত্যাহার করতে না পারেন। মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন হওয়ায় সকাল থেকেই নেতাকর্মীরা তার বাড়িতে অবস্থান নেন।
জানা গেছে, মৌলভীবাজার-৩ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী হিসেবে আব্দুল মান্নান দীর্ঘদিন ধরে নির্বাচনী কার্যক্রম চালিয়ে আসছিলেন। তবে সম্প্রতি ১০ দলীয় জোটের প্রার্থী হিসেবে খেলাফত মজলিসের আহমদ বেলালকে মনোনয়ন দেওয়া হয়। এ সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করেন স্থানীয় জামায়াত নেতাকর্মী ও সমর্থকরা।
অবরুদ্ধকারীরা বলেন, “আমরা দীর্ঘদিন ধরে আব্দুল মান্নানের সঙ্গে মাঠে কাজ করেছি। তিনি নির্বাচন না করলে আমাদের ভোটের বিকল্প নেই। তাই তাকে মনোনয়ন প্রত্যাহার করতে দেওয়া হবে না।”
এ বিষয়ে মৌলভীবাজার জেলা জামায়াতের সেক্রেটারি ইয়ামির আলী বলেন, “এই আসনে জনগণ পরিবর্তন আশা করেছিল। আমাদের প্রার্থী দিনরাত কাজ করেছেন। জোটগত সিদ্ধান্তের কারণে তাকে বাদ দেওয়া হয়েছে। আমরা দলীয় সিদ্ধান্তের বাইরে যাব না। ইনশাল্লাহ প্রার্থিতা প্রত্যাহার করা হবে।”
ঘটনাটি মৌলভীবাজার-৩ আসনের নির্বাচনী রাজনীতিতে নতুন করে আলোচনা ও বিতর্কের জন্ম দিয়েছে।





















