বাগেরহাটে পুলিশকে কুপিয়ে আসামি ছিনতাই

বাগেরহাটের কচুয়ায় পুলিশের ওপর হামলা চালিয়ে এজাহারভুক্ত এক আসামিকে ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। বুধবার (১৮ মার্চ) বিকালে উপজেলার মঘিয়া ইউনিয়নের খলিশাখালী গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পর এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, এসআই আনিচুর রহমান ও এএসআই ইমদাদুল ইসলামের নেতৃত্বে সাত সদস্যের একটি দল খলিশাখালী গ্রামের এজাহারভুক্ত আসামি নাদীম শেখকে গ্রেপ্তার করতে অভিযান চালায়। অভিযানকালে পুলিশ নাদীমকে গ্রেপ্তার করে নিয়ে আসার সময় তার ছোট ভাই সাগর শেখ ধারালো দা নিয়ে পুলিশের ওপর অতর্কিত হামলা চালান।
সাগর শেখ পুলিশ কনস্টেবল রাজু খানকে কোপ দিলে তার ডান হাত গুরুতর জখম হয়। এ সময় নাদীম ও সাগর ঘটনাস্থল থেকে পালিয়ে যান। আহত কনস্টেবলকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য খুলনা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে পাঠানো হয়।
কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুর রহমান বলেন, পলাতক আসামিদের গ্রেপ্তার এবং ব্যবহৃত অস্ত্র উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে। পুলিশের ওপর হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
























