পতেঙ্গা থেকে শাহ আমানত বিমানবন্দরে পাইপলাইনে জ্বালানি সরবরাহ শুরু

চট্টগ্রাম নগরের পতেঙ্গা গুপ্তখাল থেকে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে সরাসরি পাইপলাইনের মাধ্যমে জেট এ-১ জ্বালানি সরবরাহ কার্যক্রমের উদ্বোধন হয়েছে। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকালে ৫ দশমিক ৭৭ কিলোমিটার দীর্ঘ এ প্রকল্পের উদ্বোধন করেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম।
বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের চেয়ারম্যান মো. আমিন উল আহসানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিমানবাহিনীর এয়ার ভাইস মার্শাল হায়দার আবদুল্লাহ, করপোরেশনের পরিচালক ড. একেএম আজাদুর রহমান ও শাহ আমানত বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন শেখ আবদুল্লাহ আলমগীর। এ ছাড়া বক্তব্য দেন পদ্মা অয়েল কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মো. মফিজুর রহমান ও প্রকল্প পরিচালক অমিত কুমার বড়ুয়া।
বক্তারা বলেন, দেশের দ্বিতীয় বৃহত্তম বিমানবন্দর শাহ আমানতে পাইপলাইন উদ্বোধনের মাধ্যমে জ্বালানি সরবরাহে নতুন যুগের সূচনা হলো। এতে সময় ও খরচ সাশ্রয় হবে, পাশাপাশি নিরাপত্তার মানও বাড়বে।
পূর্বে গুপ্তখালের পদ্মা অয়েলের স্থাপনা থেকে ট্যাংকলরির মাধ্যমে প্রতিদিন দুই লাখ ২৫ হাজার লিটার জ্বালানি সরবরাহ করা হতো। এতে বছরে প্রায় ৮ কোটি টাকা ব্যয় হতো।
১৭০ কোটি টাকা ব্যয়ে নির্মিত এ পাইপলাইনে আট ইঞ্চি ব্যাসের আন্ডারগ্রাউন্ড পাইপ ব্যবহার করা হয়েছে। ঘণ্টায় ১৪০ ঘনমিটার জ্বালানি পরিবহনের সক্ষমতা রয়েছে এতে। পুরো সিস্টেমটি স্ক্যাডা নিয়ন্ত্রিত কনট্রোল ও অটোমেশন ব্যবস্থায় পরিচালিত হবে।
প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে পরিবহন ব্যয় হ্রাসের পাশাপাশি কার্বন নিঃসরণ কমবে এবং জ্বালানি সরবরাহ ব্যবস্থায় আধুনিকায়ন নিশ্চিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা।
অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মুফতি আবদুর রাজ্জাক। এতে সরকারি-বেসরকারি সংস্থার কর্মকর্তা, প্রকৌশলী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।




















