নাজিরপুরে ইজিবাইকের ধাক্কায় ৬ বছরের শিশুর মৃত্যু, এলাকায় শোকের ছায়া

পিরোজপুরের নাজিরপুর উপজেলায় ইজিবাইকের ধাক্কায় মোঃ রায়হান শেখ (৬) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনাটি সোমবার (২৬ জানুয়ারি) সকাল আনুমানিক ১০টা ৩০ মিনিটে উপজেলার শেখমাঠিয়া ইউনিয়নের বুইচাকাঠী গ্রামে ঘটে।
নিহত রায়হান শেখ পিরোজপুর সদর উপজেলার শিকদার মল্লিক ইউনিয়নের গনকপাড়া গ্রামের বাসিন্দা মোঃ মাসুম শেখের ছেলে। মাসুম শেখ পেশায় একজন বাসচালক।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকালে রায়হানের মা স্বামীর বাড়ি থেকে বাবার বাড়িতে যাওয়ার পথে শিশুটির সঙ্গে একটি ইজিবাইকের সংঘর্ষ হয়। এতে সে গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করা হলেও পথেই তার মৃত্যু হয়।
রায়হান তার বাবা-মায়ের একমাত্র পুত্র সন্তান। এর আগে ওই পরিবারের দুটি কন্যা সন্তান রয়েছে। একমাত্র ছেলেকে হারিয়ে পরিবারে নেমে এসেছে গভীর শোক। স্বজনদের কান্নায় ভারী হয়ে উঠেছে পুরো এলাকা।
এই দুর্ঘটনায় স্থানীয়দের মধ্যেও শোক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। এলাকাবাসী ইজিবাইক চলাচলে আরও সতর্কতা ও কার্যকর নিয়ন্ত্রণের দাবি জানিয়েছেন।























