নতুন করারোপ ছাড়াই কেসিসির ৭১৯ কোটি টাকার বাজেট ঘোষণা

খুলনা সিটি করপোরেশন (কেসিসি) চলতি অর্থবছরের জন্য ৭১৯ কোটি ৫০ লাখ ৩৬ হাজার টাকার বাজেট ঘোষণা করেছে। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল ১১টায় শহীদ আলতাফ মিলনায়তনে প্রশাসক ও বিভাগীয় কমিশনার মোঃ ফিরোজ সরকার এই বাজেট ঘোষণা করেন।
বাজেটে নতুন কোনো করারোপ নেই। গত অর্থবছরের সংশোধিত বাজেট দাঁড়িয়েছিল ৬১৮ কোটি টাকা, যেখানে লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল প্রায় ৯৮২ কোটি টাকা। এক বছরের ব্যবধানে উন্নয়ন বরাদ্দ কমেছে প্রায় ২৬০ কোটি টাকা।
বাজেটে মূল গুরুত্ব দেওয়া হয়েছে তিনটি বিভাগে কনজারভেন্সি বিভাগ, ড্রেনেজ ব্যবস্থা উন্নয়ন, স্বাস্থ্য বিভাগ
২০১৮ সালে অনুমোদিত “রাস্তা মেরামত ও উন্নয়ন” এবং “ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন” প্রকল্প দুটি প্রায় ১,৪৩৬ কোটি টাকায় বাস্তবায়িত হচ্ছে। এর মধ্যে রাস্তা উন্নয়ন প্রকল্প ইতোমধ্যেই শেষ হয়েছে। ড্রেনেজ উন্নয়ন প্রকল্প চলতি অর্থবছরে শেষ হবে। একইভাবে ২০২১ সালের বর্জ্য ব্যবস্থাপনা উন্নয়ন প্রকল্পও এ বছর সমাপ্তির পথে।
কেসিসির নিজস্ব আয় দিয়ে কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা ও দৈনন্দিন ব্যয় পরিচালিত হয়। তবে উন্নয়ন খাতে সম্পূর্ণ নির্ভরশীল সরকারি প্রকল্প ও দাতা সংস্থার অনুদানের ওপর। ফলে নতুন কোনো প্রকল্প অনুমোদন না হলে উন্নয়ন বরাদ্দও কমে যায়।
কেসিসির কর্মকর্তারা জানিয়েছেন, প্রকল্পভিত্তিক অনুদান কমে যাওয়ায় বাজেটের আকার ছোট হচ্ছে। তাই এ বছরের বাজেট হবে বাস্তবভিত্তিক ও সীমিত পরিসরের।
বাজেট ঘোষণায় শহীদ সাকিব রায়হানের পিতা-মাতা, সাবেক মেয়র মনিরুজ্জামান মনির, কেসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) শরীফ আসিফ রহমান, বাজেট অফিসার মোঃ মনিরুজ্জামানসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।




















