দিনাজপুরে আনসার ও ভিডিপি’র নির্বাচনী প্রস্তুতিমূলক সমাবেশে কড়া হুঁশিয়ারি জেলা কমান্ড্যান্টের

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ উপলক্ষ্যে দিনাজপুরে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (আনসার ও ভিডিপি) বিশেষ নির্বাচনী প্রস্তুতিমূলক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি ২০২৬) সকাল ১১টায় দিনাজপুর শহরের ঐতিহাসিক গোর-এ শহীদ বড় মাঠে জেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের উদ্যোগে এই সমাবেশের আয়োজন করা হয়।
সমাবেশে সারা দেশের ন্যায় দিনাজপুরেও ভার্চুয়াল ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন আনসার ও ভিডিপি’র মহাপরিচালক মেজর জেনারেল *আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদ*। তিনি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে বাহিনীর সদস্যদের পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে দিনাজপুর জেলা কমান্ড্যান্ট *মোঃ নুরুজ্জামান* জেলার প্রায় ১১ হাজার আনসার ও ভিডিপি সদস্য-সদস্যাদের উদ্দেশ্যে কঠোর দিকনির্দেশনা প্রদান করেন। তিনি বলেন, নির্বাচনের সময় বাহিনীর কোনো সদস্য বা সদস্যা কোনো প্রার্থী কিংবা প্রিজাইডিং অফিসারের কাছ থেকে কোনো উপহার বা ‘বকশিশ’ গ্রহণ করতে পারবেন না। এমনকি ঊর্ধ্বতন কর্মকর্তা ভোটকেন্দ্রে গেলেও কোনো ধরনের ব্যক্তিগত আপ্যায়ন—যেমন পানি বহন বা খাবার পরিবেশন—করা যাবে না।
জেলা কমান্ড্যান্ট আরও বলেন, আনসার সদস্যদের মূল দায়িত্ব হলো ভোটকেন্দ্রে শৃঙ্খলা বজায় রাখা এবং প্রিজাইডিং অফিসারের শারীরিক নিরাপত্তা নিশ্চিত করা। তিনি স্পষ্টভাবে জানান, আনসার সদস্যদের কাজ ব্যালট বক্স পাহারা দেওয়া—ঘর পরিষ্কার করা, টেবিল গোছানো কিংবা অন্যান্য কাজ নয়।
তিনি বলেন, “নিজের জীবন বাজি রেখে হলেও ব্যালট বক্স রক্ষা করতে হবে।”
সমাবেশে জানানো হয়, দিনাজপুর জেলার আনসার ও ভিডিপি সদস্যদের যে দেশব্যাপী সুনাম রয়েছে, তা আসন্ন নির্বাচনেও অক্ষুণ্ন রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়।
এ সময় বাহিনীর মহাপরিচালক এবং রংপুর রেঞ্জের উপমহাপরিচালকের নির্দেশনা অনুযায়ী সরকার ও জনগণের আস্থা রক্ষায় আনসার ও ভিডিপি সদস্যরা শতভাগ নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের অঙ্গীকার করেন।






















