জামায়াতকর্মী সাওদা মুক্ত

অবশেষে মুক্তি পেয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মী বিবি সাওদা (৩৭) ওরফে সাওদা সুমি। মঙ্গলবার (৭ এপ্রিল) তিনি কারাগার থেকে মুক্তি পান।
নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
রোববার (৫ এপ্রিল) রাত ১১টার দিকে নিজ বাসা থেকে জামায়াতের ভোলা পৌরসভার নারী কর্মী বিবি সাওদাকে গ্রেপ্তার করে পুলিশ। পরদিন তাকে দণ্ডবিধির ৫৪ ধারায় আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
বিবি সাওদাকে গ্রেপ্তার করার ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র প্রতিক্রিয়া দেখা গেছে। বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক অঙ্গনের ব্যক্তিরা এ নিয়ে প্রকাশ্যে মতামত দিয়েছেন।
এ ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি আবু সাদিক তার পোস্টে লেখেন, ‘ভোলার জামায়াতকর্মী বিবি সাওদাকে গ্রেপ্তারের ঘটনা পুরনো ফ্যাসিবাদী নিপীড়নেরই অনুকরণ। তিন বছরের এক বাকপ্রতিবন্ধী শিশুর মাকে এভাবে বিনা অপরাধে নিজ বাসা থেকে মধ্যরাতে তুলে নেওয়া কেবল অমানবিক নয়, বরং ভিন্নমত দমনে নবগঠিত সরকারের সুপ্ত মনোবাসনারই বহিঃপ্রকাশ।’
তার মতে, ‘যারা একসময় নিজেরাই ফ্যাসিবাদের শিকার ছিলেন, তাদের শাসনামলে এমন অযৌক্তিক গ্রেপ্তার ও হয়রানি কোনোভাবেই কাম্য নয়। এই ঘটনার নিন্দা জানাচ্ছি এবং অবিলম্বে জামায়াতকর্মী বিবি সাওদার মুক্তি ও সব প্রকার প্রতিহিংসামূলক রাজনৈতিক হয়রানি বন্ধের জোর দাবি জানাচ্ছি। সরকারের মনে রাখা উচিত, ক্ষমতার দাপটে নিপীড়ন শেষ পর্যন্ত কারও জন্যই শুভ হয় না।’
বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী এবং ‘থ্রি এস চেম্বার্স’-এর হেড অব চেম্বার ব্যারিস্টার এ এস এম শাহরিয়ার কবির লেখেন, ‘এক সওদার লিখনীতে কেঁপে উঠলো ক্ষমতার মসনদ। সহ্য করতে পারলেন না। জুলাই জেগে উঠুন। আজাদি॥’
গণতান্ত্রিক ছাত্রসংসদ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক আব্দুল কাদের প্রশ্ন তুলে লেখেন, বর্তমান সরকার কি হাসিনার পদাঙ্ক অনুসরণ করতে চায়? হাসিনার পরিণতি কি এতো তাড়াতাড়ি ভুলে গেছে তারা? বিএনপির সরকার চালায় কারা? সরকারের সমালোচনামূলক একটা পোস্ট শেয়ার দেওয়ার কারণে সাঁইত্রিশ বছরের নারীকে গ্রেপ্তার করার মধ্য দিয়ে বিএনপি সরকার কি বার্তা দিতে চায় আমাদেরকে? কিসের জোরে তারা দিন দিন এমন হঠকারিতা আর স্বেচ্ছাচারিতার দিকে ধাবিত হচ্ছে? তারা কি ভাবতেছে তাদের লাগাম টেনে ধরার মতো কেউ নাই?
চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য নুরুল ইসলাম বুলবুল তার প্রতিক্রিয়ায় লেখেন, দেশের বাস্তবচিত্র গণতান্ত্রিক বাংলাদেশের যেকোনো নাগরিক জনসমক্ষে তুলে ধরার অধিকার রাখেন। এটি তার সাংবিধানিক ও গণতান্ত্রিক অধিকার। রাষ্ট্র এই অধিকার হরণ করতে পারে না। এই অপরাধে বিবি সাওদা সুমিকে গ্রেপ্তার করা ফ্যাসিবাদের পদাঙ্ক অনুসরণের নামান্তর। অবিলম্বে বিবি সাওদা সুমিকে মুক্তি দিতে হবে। কার নির্দেশে তাকে গ্রেপ্তার করা হয়েছে তাকেও চিহ্নিত করতে হবে।
























