চুনারুঘাটে খোয়াই নদী থেকে নিখোঁজ গরু ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

হবিগঞ্জের চুনারুঘাটে খোয়াই নদী থেকে নিখোঁজ এক গরু ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত ব্যক্তি আঃ জলিল (৬০)। তিনি উপজেলার গাজীপুর ইউনিয়নের খেতামারা গ্রামের মৃত আঃ হাসিমের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ১২ মার্চ সন্ধ্যায় গরু নিয়ে নদী পারাপারের উদ্দেশ্যে খোয়াই নদীর দিকে যেতে দেখা যায় আঃ জলিলকে। পরে গরুগুলো নদীর অপর পাড়ে পৌঁছালেও তিনি নিখোঁজ হয়ে যান। বিষয়টি জানাজানি হলে স্থানীয় লোকজন নদীতে ব্যাপক খোঁজাখুঁজি শুরু করেন।
নিখোঁজের খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও স্থানীয় প্রশাসন যৌথভাবে উদ্ধার অভিযান চালায়। তবে প্রথম দিন জলিলের কোনো সন্ধান পাওয়া যায়নি।
শনিবার (১৪ মার্চ) দুপুরে খোয়াই নদীর একপাশে একটি মরদেহ ভেসে থাকতে দেখে স্থানীয়রা প্রশাসনকে খবর দেন। পরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করেন। উদ্ধার হওয়া মরদেহটি নিখোঁজ গরু ব্যবসায়ী আঃ জলিলের বলে শনাক্ত করা হয়।
এ বিষয়ে চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুল ইসলাম জানান, মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।






















