চা বিক্রেতা নানী-নাতনী’র কাছে ‘ঈদ উপহার’ পাঠালেন প্রধানমন্ত্রী

রাজধানীর মিরপুরে বাংলা কলেজের পাশে ভাসমান চা বিক্রেতা ছয় বছরের শিশু ফাতেমা ও তার নানির পাশে দাঁড়িয়েছেন বিএনপির চেয়ারম্যান এবং ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক প্রধানমন্ত্রী তারেক রহমান।
ঈদকে সামনে রেখে মঙ্গলবার (১৭ মার্চ) সন্ধ্যায় সংগঠনটির পক্ষ থেকে তাদের জন্য বিশেষ ‘ঈদ উপহার’ পাঠানো হয়।
রাজধানীর তালতলা এলাকায় ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রতিনিধি দল গিয়ে শিশু ফাতেমা ও তার নানির হাতে এই উপহার সামগ্রী তুলে দেন। প্রতিনিধি দলটি শিশু ফাতেমার জন্য নতুন জামা, জুতা ও কসমেটিক্স এবং তার নানির জন্য শাড়ি ও ঈদ সামগ্রী হস্তান্তর করেন।
এ সময় উপস্থিত ছিলেন ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন, সদস্য মাসুদ রানা লিটন, মুস্তাকিম বিল্লাহ, শাকিল আহমেদ ও ফরহাদ আলী সজীবসহ সংগঠনের অন্যান্য নেতারা। তারা প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে এই পরিবারটিকে ঈদের শুভেচ্ছা পৌঁছে দেন।
উল্লেখ্য, কিছুদিন আগে বাংলা কলেজের সামনে নানির চা দোকানে সহায়তার সময় রাস্তা পার হতে গিয়ে আহত হয় শিশু ফাতেমা। সে সময় দায়িত্বরত একজন পুলিশ সার্জেন্ট শিশুটিকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসাসেবা দেন। মানবিক এই দৃশ্যটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানের দৃষ্টিগোচর হয়। এরই পরিপ্রেক্ষিতে তিনি অসহায় এই পরিবারটির মুখে হাসি ফোটাতে ব্যক্তিগত উদ্যোগে এই উপহার পাঠান।






















