সদর মডেল থানায় মামলা দায়ের
চাঁপাইনবাবগঞ্জে র্যাবের অভিযানে ৩ কেজি হেরোইন উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জের চরবাগডাঙ্গা এলাকায় র্যাব-৫ এর বিশেষ অভিযানে বাজারের ব্যাগে রাখা তিন কেজি হেরোইনসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধারকৃত হেরোইনের আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ কোটি টাকা বলে জানিয়েছে র্যাব।
শুক্রবার (১৬ জানুয়ারি) দিবাগত গভীর রাতে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের মালডাঙ্গা সোনাপট্টি এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে র্যাব-৫ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাসুদ পারভেজ বিষয়টি নিশ্চিত করেন।
গ্রেফতারকৃত আসামি হলেন, এবরান আলী। তিনি মালডাঙ্গা সোনাপট্টি গ্রামের মাহতাব উদ্দীনের ছেলে।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি বাজারের ব্যাগ তল্লাশি করে তিন কেজি হেরোইন উদ্ধার করা হয়। পরে ব্যাগ বহনকারী এবরান আলীকে হাতেনাতে গ্রেফতার করা হয়।
এ ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। উদ্ধারকৃত হেরোইন পরবর্তী আইনানুগ প্রক্রিয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।
র্যাব-৫ জানায়, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।




















