জুলাই বিপ্লবের মধ্য দিয়ে ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশের প্রত্যাশা
খুলনা-৩ আসনে বিএনপি প্রার্থী বকুলের মনোনয়ন জমা

খুলনা-৩ আসনের বিএনপি প্রার্থী রকিবুল ইসলাম বকুল বলেছেন, “এবারের নির্বাচন হবে উৎসবমুখর পরিবেশে। দেশের মানুষ ভোটের অপেক্ষায় রয়েছে।”
সোমবার (২৯ ডিসেম্বর) সকালে খুলনা জেলা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসারের কার্যালয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার পর নির্বাচন অফিসের বাইরে নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন।
রকিবুল ইসলাম বকুল বলেন, “আজ আমাদের জন্য একটি স্মরণীয় দিন। দীর্ঘদিন পর দেশের মানুষ একটি নিরপেক্ষ পরিবেশে ভোট দেওয়ার সুযোগ পেতে যাচ্ছে। টানা তিনটি নির্বাচনে দেশের মানুষ ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল।”
তিনি আরও বলেন, “জুলাই বিপ্লবের মধ্য দিয়ে ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে এবার একটি উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আমরা আজ সেই নির্বাচনী যাত্রায় পদ রাখলাম।”
ছাত্র-জনতার আত্মত্যাগের কথা স্মরণ করে তিনি বলেন, “অসংখ্য নেতাকর্মীর রক্ত ও আত্মত্যাগের বিনিময়ে আজকের এই পরিবেশ সৃষ্টি হয়েছে।”
ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশের যাত্রা শুরু হয়েছে উল্লেখ করে রকিবুল ইসলাম বকুল খুলনা-৩ আসনের জনগণের কাছে দোয়া ও সমর্থন কামনা করেন। একইসঙ্গে তিনি বিএনপি প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও ছাত্র-জনতার গণআন্দোলনে বীর শহীদদের রুহের মাগফিরাত কামনা করেন এবং বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ দোয়া করেন।
এ সময় উপস্থিত ছিলেন খুলনা মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট শফিকুল আলম মনা, সাংগঠনিক সম্পাদক শেখ সাদী, সাবেক যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম হোসেন, খালিশপুর থানা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মোহাম্মাদ আলী বাবু, মিজানুর রহমান, হাবিবুর রহমান বিশ্বাস, ইমাম হোসেন, বিপ্লবুর রহমান কুদ্দুস, নগর যুবদল নেতা খায়রুজ্জামান শামীমসহ বিভিন্ন ওয়ার্ড, থানা এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।
এদিকে খুলনায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিচ্ছেন। সোমবার (২৯ ডিসেম্বর) খুলনা জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার এবং খুলনা আঞ্চলিক নির্বাচন অফিসারের কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেওয়া হয়। বিকেল ৫টা পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেওয়ার সময় নির্ধারিত রয়েছে।
মনোনয়ন জমা দেওয়া উল্লেখযোগ্য প্রার্থীদের মধ্যে রয়েছেন- খুলনা-১ আসনে বিএনপি প্রার্থী আমীর এজাজ খান ও জামায়াতে ইসলামী প্রার্থী কৃষ্ণ নন্দী, খুলনা-২ আসনে বিএনপি প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু ও জামায়াতের অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসেন হেলাল, খুলনা-৩ আসনে বিএনপি প্রার্থী রকিবুল ইসলাম বকুল ও জামায়াতের অধ্যাপক মাহফুজুর রহমান, খুলনা-৪ আসনে বিএনপি প্রার্থী আজিজুল বারী হেলাল, জামায়াতের কবিরুল ইসলাম, ইসলামী আন্দোলনের মাওলানা ইউনুস আহমেদ এবং স্বতন্ত্র প্রার্থী আজমল হোসেন, খুলনা-৫ আসনে জামায়াতের সেক্রেটারি মিয়া গোলাম পরোয়ায় ও বিএনপি প্রার্থী আলী আজগর লবী, খুলনা-৬ আসনে বিএনপি প্রার্থী মনিরুল হাসান বাপ্পী ও জামায়াতের প্রার্থী আবুল কালাম আজাদ।























