জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে প্রতীক বরাদ্দ সম্পন্ন
খুলনা-৩ আসনে প্রতীক বরাদ্দ, বিএনপি প্রার্থীর নির্বাচনী ইশতেহার ঘোষণা

খুলনা-৩ সংসদীয় আসনের প্রার্থীদের মধ্যে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। বুধবার (২১ জানুয়ারি) খুলনা জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে এই প্রতীক বরাদ্দ কার্যক্রম সম্পন্ন হয়।
এ সময় উপস্থিত ছিলেন বিএনপি মনোনীত প্রার্থী রকিবুল ইসলাম বকুল, জামায়াতে ইসলামীর মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অধ্যাপক মাহফুজুর রহমানসহ অন্যান্য প্রার্থীরা।
প্রতীক বরাদ্দ শেষে খুলনা-৩ আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী রকিবুল ইসলাম বকুল তাঁর নির্বাচনী ইশতেহার উপস্থিত সবার সামনে ঘোষণা করেন।
ইশতেহার পাঠকালে তিনি বলেন, “আল্লাহর প্রতি পূর্ণ আস্থা রেখে জনগণের কল্যাণ, মানবিক মূল্যবোধ ও ইসলামের নৈতিকতার ভিত্তিতে রাষ্ট্র পরিচালনার অঙ্গীকার করছি।”
তিনি বলেন, খুলনা-৩ আসনের অন্তর্গত খালিশপুর, দৌলতপুর, আড়ংঘাটা ও খানজাহান আলী থানা এলাকা সম্ভাবনাময় ও ঐতিহ্যবাহী হলেও দীর্ঘদিন ধরে পরিকল্পিত উন্নয়ন, কর্মসংস্থান ও আধুনিক নগর সুবিধা থেকে বঞ্চিত। আগামী পাঁচ বছরে এ এলাকাকে পরিচ্ছন্ন, নিরাপদ, কর্মসংস্থানমুখী ও আধুনিক নগরী হিসেবে গড়ে তোলাই তাঁর লক্ষ্য।
রকিবুল ইসলাম বকুল বলেন, নির্বাচিত হলে লক্ষাধিক বেকারের কর্মসংস্থান সৃষ্টি, যুবকদের জন্য জব রিপ্লেসমেন্ট সহায়তা ডেস্ক, কারিগরি ও আইটি প্রশিক্ষণ, ফ্রিল্যান্সিং কোর্স চালু করা হবে। ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য সুদমুক্ত বা স্বল্প সুদের ঋণ, নারী উদ্যোক্তা তৈরিতে বিশেষ সহায়তা এবং শিল্পাঞ্চলের সঙ্গে দক্ষ শ্রমিক সংযোগ জোরদার করা হবে।
তিনি আরও বলেন, বন্ধ মিল-কারখানা চালু, গ্যাস সংযোগ নিশ্চিত এবং সুন্দরবনকেন্দ্রিক আন্তর্জাতিক মানের পর্যটন কেন্দ্র গড়ে তুলে ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি করা হবে।
ইশতেহারে উল্লেখ করা হয়, নাগরিক নিরাপত্তায় সিসি ক্যামেরা স্থাপন, আধুনিক ড্রেনেজ ব্যবস্থা, জলাবদ্ধতা নিরসন, স্মার্ট স্লুইস গেট নির্মাণ, রাস্তা-ফুটপাত উন্নয়ন, সোলার স্ট্রিট লাইট, আধুনিক পরিবহন ব্যবস্থা এবং বস্তি উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করা হবে।
নারী ও শিশু নিরাপত্তায় হটলাইন চালু, বাজার মনিটরিং সেল গঠন ও আন্তর্জাতিক মানের স্টেডিয়াম আধুনিকায়নের প্রতিশ্রুতিও দেওয়া হয়।
তিনি জানান, খুলনায় ১০০০ শয্যাবিশিষ্ট এআই-ভিত্তিক আধুনিক হাসপাতাল, ২৪ ঘণ্টার নগর স্বাস্থ্যকেন্দ্র, ফ্রি মেডিকেল ক্যাম্প, মানসিক স্বাস্থ্য ও মাদক নিরাময় সেবা চালু করা হবে। পাশাপাশি বয়স্ক, প্রতিবন্ধী ও বিশেষ চাহিদাসম্পন্নদের সব ধরনের সামাজিক ভাতা নিশ্চিত করা হবে।
শিক্ষা খাতে স্কুল-কলেজ-মাদ্রাসা সংস্কার, ডিজিটাল ক্লাসরুম, গরিব মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি, কারিগরি শিক্ষা সম্প্রসারণ, বিএল কলেজকে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ে রূপান্তর, হাইটেক পার্ক নির্মাণ ও ফ্রি ওয়াইফাই জোন চালুর ঘোষণা দেন তিনি।
পরিবেশ সুরক্ষায় সবুজায়ন, আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা, নাগরিক সেবা ডিজিটালাইজেশন, জন্ম-মৃত্যু সনদ বিনামূল্যে প্রদান, মাসিক নাগরিক শুনানি এবং সকল ধর্মের মানুষের অধিকার নিশ্চিত করার অঙ্গীকার করেন বিএনপি প্রার্থী।
শেষে তিনি বলেন, “বিদ্বেষ নয়, ঐক্যের মাধ্যমে ধানের শীষে ভোট দিয়ে একটি সুখী, সমৃদ্ধ ও আধুনিক খুলনা-৩ গড়তে চাই।”




















