খুলনার দৌলতপুরে দুর্বৃত্তের গুলিতে যুবদল নেতা নিহত

খুলনায় দুর্বৃত্তের ছোড়া গুলিতে রাশিকুল আনাম রাশু নামে এক যুবক নিহত হয়েছেন। আজ সকাল সাড়ে ১১ টায় দৌলতপুর থানাধীন কেডিএ কল্পতরু মার্কেটের সামনে এ ঘটনা ঘটে। নিহত যুবক দৌলতপুর থানা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন। বর্তমানে তিনি যুবদলের রাজনীতির সাথে জড়িত ছিলেন। তিনি দৌলতপুর থানা দেয়ানা এলাকার বাসিন্দা শরীফুল আনামের ছেলে।
স্থানীয়রা জানায়, রাজনীতির পাশাপাশি কেডিএ কল্পতরু মার্কেটের পাশে ইট, বালুর ব্যবসা করতেন। আজ সকালে তিনি ব্যবসা প্রতিষ্ঠানে ছিলেন। এসময় কয়েকজন দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোড়ে। একটি গুলি মাথায় বিদ্ধ হলে মাটিতে লুটিয়ে পড়েন। পরবর্তীতে স্থানীয়রা তাকে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক আশরাফ রাশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
দৌলতপুর থানার অফিসার ইনচার্জ ওসি সফিকুল ইসলাম বলেন, এ ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পরিদর্শন করেছি। দুপুর আনুমানিক ১২ টার দিকে এ ঘটনা ঘটে। তিন জন যুবক একটি মোটরসাইকেলে করে কল্পতরু মার্কেটে এসে রাশুর ম্যানেজারকে তার অবস্থান সম্পর্কে জানতে চান এবং পরবর্তী রাশু ব্যবসা প্রতিষ্ঠানে বসা অবস্থায় দুর্বৃত্তরা চার রাউন্ড গুলি ছোড়ে। একটি গুলি তার মাথায় বিদ্ধ হলে ঘটনাস্থলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন এবং দুর্বৃত্তরা ঘটনাস্থল ত্যাগ করেন।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহতের মরদেহ সুরতহাল রিপোর্ট শেষে ময়না তদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে। প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।



















