খুলনার দিঘলিয়া যুবদল নেতা মুরাদ হত্যা মামলার পলাতক আসামি বাকা মাসুদ গ্রেফতার

খুলনার দিঘলিয়া উপজেলার সেনহাটি ইউনিয়ন যুবদল নেতা মুরাদ খান হত্যা মামলার পলাতক আসামি বাকা মাসুদকে গ্রেফতার করেছে র্যাব- ৬। গতকাল সোমবার বিকাল ৪ টার দিকে তাকে মাগুড়া জেলার মোহাম্মদপুর থানাধীন ঝাম সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকা থেকে গ্রেফতার করা হয়। সে উপজেলা সেনহাটি ইউনিয়নের বাকা মিয়ার ছেলে।
র্যাবের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানাগেছে, মুরাদ খান যুবদলের স্থানীয় নেতা ছিলেন। গত ১৮ ফেব্রুয়ারি বেলা ১১ টার দিকে উপজেলা চত্বরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দিঘলিয়া থানা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মেহেদী হাসান ওরফে সাজ্জাদ হোসেন ও তার সঙ্গে থাকা লোকদের মধ্যে কথা-কাটাকাটি এবং ধাক্কাধাক্কি হয়।
এ ঘটনার জের ধরে গত ২৭ ফেব্রুয়ারি বিকাল ৫ টা ২০ মিনিটে সে জুতা কিনার উদ্দেশ্যে বকশি বাড়ি সংলগ্ন কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) সংলগ্ন লোটোর দোকানের সামনে পৌঁছালে বাকা মাসুদ সহ একদল অস্ত্রধারী তার গতিরোধ করে। পরে তার শরীরে বিভিন্ন স্থানে কুপিয়ে জখম করে পালিয়ে যায়। স্থানীয়রা মুরাদকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
সেখানে তার অবস্থার অবনতি হলে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানকার চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের স্ত্রী জান্নাতুল মাওয়া বাদী হয়ে দিঘলিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ঘটনার পর থেকে আসামি মাসুদ পালিয়ে ছিল। উন্নত প্রযুক্তির সহায়তায় র্যাব-৬ তার অবস্থান নিশ্চিত হয়ে ভাটিয়াপাড়া ক্যাম্পের যৌথ আভিযানিক দল তাকে গ্রেফতার করে।





















