খুলনায় আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

খুলনায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে ৩৫তম আন্তর্জাতিক প্রবীণ দিবস। এ উপলক্ষে গতকাল (সোমবার) সকালে জেলা সমাজসেবা কার্যালয়ের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক অনিন্দিতা রায়। জেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রবীণ ব্যক্তিদের অধিকার রক্ষা ও সম্মান নিশ্চিত করা সমাজের প্রতিটি মানুষের দায়িত্ব। প্রবীনেরা সমাজের বোঝা নয়, তারা আমাদের গর্ব ও সম্পদ। তাদের শ্রম, ত্যাগ ও মেধার বিনিময়েই আজকের বাংলাদেশ দাঁড়িয়ে আছে।
বক্তারা আরও জানান, বর্তমানে দেশে প্রায় ৬১ লাখ প্রবীণকে বয়স্ক ভাতার আওতায় আনা হয়েছে। দেশে প্রবীণ জনগোষ্ঠীর সংখ্যা বর্তমানে প্রায় ১ কোটি ৩০ লাখ, যা ২০২৬ সালে ১ কোটি ৮০ লাখে পৌঁছাবে বলে ধারণা করা হচ্ছে।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক কানিজ মোস্তফা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট দীপংকর দাস এবং যশোর শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান প্রফেসর মো. সাইদুল ইসলাম। সভায় প্রবীণ ব্যক্তিরাও বক্তব্য রাখেন।
অনুষ্ঠান শেষে ১০ জন প্রবীণ ব্যক্তির হাতে ছড়ি তুলে দেওয়া হয়। এছাড়া দিবসটি উপলক্ষে সারাদিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা শিবির আয়োজন করা হয়।
এর আগে সকালে খুলনা রেলওয়ে স্টেশন প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়, যা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা সমাজসেবা কার্যালয়ে এসে শেষ হয়। র্যালিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।




















