কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৪

গাজীপুরের কালীগঞ্জে ট্রাক ও সিএনজি চালিত অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে ১ জন নিহত ও ৪ জন আহত হয়েছেন।
ঘটনাটি ঘটেছে, বুধবার (৪ঠা মার্চ) সকাল আনুমানিক ৬টা ৩০ মিনিটের দিকে, টঙ্গী-কালীগঞ্জ-ঘোড়াশাল বাইপাস সড়কের কালীগঞ্জ পৌর বালীগাঁও গ্রামের মোড়লবাড়ী সংলগ্ন স্থানে।
নিহত ব্যক্তি দিনাজপুর জেলার চিরিরবন্দর থানার দুতামরুনপুর গ্রামের বাসিন্দা নূর আলম (৩২)।
আহতরা হলেন, ১. টাঙ্গাইল জেলার মধুপুর থানার রাশেদ রানা (২৪), ২. নরসিংদী জেলার রায়পুরা থানার মাইনুদ্দিন (৩০), ৩. দেওয়ানগঞ্জ জেলার রবিন (৩৫) ও ৪. সিরাজগঞ্জ জেলার ফরহাদ (১৯)।
থানা পুলিশ ও স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, বুধবার সকাল ৬টা ৩০ মিনিটের দিকে যাত্রীবাহী একটি সিএনজি চালিত অটোরিক্সা বাইপাস সড়ক দিয়ে ঘোড়াশালের দিকে যাওয়ার সময়, বালীগাঁও মোড়লবাড়ী এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে সিএনজি চালিত অটোরিক্সার যাত্রী নূর আলম ঘটনাস্থলেই মারা যায়। আহত চালকসহ অন্যদের স্থানীয়রা উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। প্রাথমিক চিকিৎসার পর গুরুতর আহত দুজনকে ঢাকা মেডিকেলে রেফার্ড করা হয়েছে। সে সময় ট্রাকের পিছনে থাকা প্রাণ কোম্পানির ফ্রুটোর একটি কাভার্ড ভ্যানও ক্ষতিগ্রস্ত হয়।
এ সম্পর্কে কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মাকসুদুল কবির নকিব বলেন, সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলেই একজন নিহত হয়েছেন। আহতরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। গুরুতর আহত দুজনকে ঢাকায় পাঠানো হয়েছে।

























