ওলিপুর হাইওয়ে চেকপোস্টে ৩৫ বস্তা ভারতীয় ফুসকা জব্দ, মিনি ট্রাক আটক

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার ওলিপুর হাইওয়ে চেকপোস্টে অভিযান চালিয়ে প্রায় তিন লাখ টাকা মূল্যের ভারতীয় অবৈধ ফুসকা জব্দ করেছে হাইওয়ে থানা পুলিশ। বুধবার (৮ এপ্রিল) দুপুরে সিলেট থেকে চট্টগ্রামগামী একটি মিনি ট্রাকে তল্লাশি চালিয়ে এসব পণ্য জব্দ করা হয়। এ সময় ট্রাকটি আটক করা হলেও চালক ও সহকারী কৌশলে পালিয়ে যায় বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ওলিপুর হাইওয়ে চেকপোস্টে দায়িত্বরত পুলিশ সদস্যরা সিলেট-চট্টগ্রাম মহাসড়কে একটি সন্দেহভাজন মিনি ট্রাককে থামানোর সংকেত দেন। পরে ট্রাকটি থামিয়ে তল্লাশি শুরু করা হয়। প্রথমে ট্রাকটির উপরিভাগে খালি কার্টুন দেখতে পাওয়া যায়, যা দেখে সাধারণ পণ্যবাহী গাড়ি মনে হলেও পুলিশ সদস্যদের সন্দেহ হলে আরও গভীরভাবে তল্লাশি চালানো হয়।
একপর্যায়ে ট্রাকটির ভেতরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা অবৈধ পণ্যের সন্ধান পাওয়া যায়। মুরগির খাবারের বস্তার মধ্যে কৌশলে লুকিয়ে রাখা হয়েছিল ভারতীয় ফুসকা। পরে তল্লাশি চালিয়ে ৩৫টি বস্তায় প্রায় ৩৫ মণ ফুসকা উদ্ধার করা হয়। জব্দকৃত এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য প্রায় তিন লাখ টাকা বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভ রঞ্জন চাকমা জানান, নিয়মিত অভিযানের অংশ হিসেবে চেকপোস্টে তল্লাশি জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অবৈধ ভারতীয় পণ্য জব্দ করা হয়।
তিনি আরও বলেন, চোরাচালান প্রতিরোধে হাইওয়ে পুলিশের অভিযান অব্যাহত থাকবে এবং এ ধরনের অবৈধ পণ্য পরিবহনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। পুলিশ জানায়, জব্দকৃত পণ্য ও আটককৃত মিনি ট্রাকের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া গ্রহণ করা হচ্ছে। এ ঘটনায় জড়িতদের শনাক্তে কাজ চলছে এবং পলাতক চালক ও সহকারীর সন্ধানে অভিযান অব্যাহত রয়েছে।


























