এনসিপিতে যোগ দিলেন বিএনপি-গণঅধিকারের শতাধিক নেতাকর্মী

সিরাজগঞ্জের এনায়েতপুরে জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দিয়েছেন বিএনপি ও গণঅধিকার পরিষদের শতাধিক নেতাকর্মী।
মঙ্গলবার (২৪ মার্চ) দুপুরে এনায়েতপুর থানার কেজির মোড় এলাকার একটি রেস্টুরেন্টে আনুষ্ঠানিকভাবে যোগদান করেন তারা। এসময় এনসিপির যুগ্ম সদস্যসচিব মাহিন সরকার ও এস এম সাইফ মোস্তাফিজ তাদের বরণ করে নেন।
গণঅধিকার পরিষদ ছেড়ে এনসিপিতে যোগদান করা সমর্থক মাসুম শেখ বলেন, চব্বিশের আন্দোলনের মধ্যদিয়ে গড়ে উঠা এনসিপির প্রতি গভীর শ্রদ্ধা ও ভালবাসা থেকে আমরা স্বেচ্ছায় যোগদান করেছি। আমাদের সঙ্গে বেশ কিছু বিএনপির সমর্থকরাও যোগদান করেছে।
এনসিপিতে শতাধিক তরুণের যোগদানের বিষয়টি জানিয়ে দলটির যুগ্ম সদস্যসচিব এস এম সাইফ মোস্তাফিজ বলেন, বিএনপির তৃণমূলের নেতাকর্মীরা গত ১৭ বছর লড়াই-সংগ্রাম, গুম ও খুনের শিকার হয়েছেন। এখন সু-সময়ে এসে তারা দেখতে পাচ্ছে আওয়ামী লীগকে পুনর্বাসন করা হচ্ছে। এতে তারা কষ্ট পেয়েই মূলত এনসিপিতে যোগদান করেছেন।






















