হঠাৎ হামলায় আতঙ্ক, নামাজরত অবস্থায় মসজিদের কাঁচ ভাঙচুর
এনইআইআর চালুর প্রতিবাদে বিটিআরসি ভবনে মোবাইল ব্যবসায়ীদের হামলা

শুল্ক না কমিয়ে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেনটিটি রেজিস্টার (এনইআইআর) কার্যক্রম চালুর প্রতিবাদে রাজধানীর বিটিআরসি ভবনে ভাঙচুর ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। আকস্মিক এই হামলায় আতঙ্কিত হয়ে পড়েছেন বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) কর্মকর্তা-কর্মচারীরা।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) বিকেলে বিটিআরসি ভবনের সামনে অবস্থান নিয়ে মোবাইল ব্যবসায়ীরা বিক্ষোভ শুরু করেন। বিকেল ৪টার দিকে হঠাৎ করেই বিক্ষোভকারীরা ভবন লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ শুরু করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
পুলিশের তেজগাঁও বিভাগের উপ-কমিশনার (ডিসি) ইবনে মিজান বলেন,
“বিক্ষোভকারীরা আকস্মিকভাবে হামলা চালিয়েছে। ইটপাটকেল ছুড়ে মারছে। আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছি।”
হামলার সময় বিটিআরসি ভবনসংলগ্ন মসজিদের একাধিক কাঁচ ভেঙে যায়। ওই সময় মসজিদে কর্মকর্তা-কর্মচারীরা নামাজ আদায় করছিলেন। তবে তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
বিটিআরসির এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন,
“হঠাৎ করেই ভাঙচুর শুরু হয়। রাস্তা থেকে কয়েকশ বিক্ষোভকারী ভবনের দিকে ইটপাটকেল ছুড়ছে। এতে ভবনের বিভিন্ন অংশের কাঁচ ভেঙে গেছে। অফিস ছুটি হয়ে গেলেও আমরা কেউ নিরাপত্তার কারণে ভবন থেকে বের হতে পারছি না।”
ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে বলে জানিয়েছে পুলিশ।























