সিআইডি গ্রেপ্তার করেছে ২৯ বছর বয়সী প্রতারককে
স্বরাষ্ট্র উপদেষ্টা পরিচয়ে প্রতারণা: শামীম ওসমান আটক

রাজশাহীতে মো. শামীম ওসমান (২৯) নামে এক অভিনব প্রতারককে গ্রেপ্তার করেছে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর পরিচয় ব্যবহার করে রাজশাহীর জেলা প্রশাসককে (ডিসি) বিভ্রান্তিকর তথ্য প্রদান ও অর্থ দাবি করার অভিযোগে তাকে আটক করা হয়েছে।
মঙ্গলবার (২০ ডিসেম্বর) সিআইডির বিশেষ পুলিশ সুপার জসীম উদ্দীন খান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সোমবার (১৯ জানুয়ারি) সাভারে অভিযান চালিয়ে শামীম ওসমানকে সিআইডির সাইবার ইনভেস্টিগেশন অ্যান্ড অপারেশনের একটি টিম গ্রেপ্তার করে।
তদন্তে সিআইডি জানিয়েছে, গ্রেপ্তারকৃত ব্যক্তি নিজেকে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী পরিচয় দিয়ে জেলা প্রশাসকের কাছে হোয়াটসঅ্যাপে বার্তা পাঠায়। বার্তায় উল্লেখ ছিল, রাজশাহীতে কোনো আওয়ামী লীগের নেতাকর্মীকে গ্রেপ্তার করা যাবে না এবং শুধু আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হবে। পাশাপাশি, তিনি জেলা প্রশাসকের কাছে মাসিক ‘কালেকশন’ বিষয়ক তথ্য জানতে চাইছিলেন এবং ব্যক্তিগত বিকাশ নম্বরে ১ লাখ টাকা পাঠানোর নির্দেশ দেন।
কর্তৃপক্ষ বিষয়টি সন্দেহজনক মনে করে সিপিসি ও সিআইডিকে অবহিত করে। তথ্যপ্রযুক্তির সহায়তায় সিআইডি দ্রুত প্রতারককে শনাক্ত করে গ্রেপ্তার করে।
সিআইডির তথ্যমতে, শামীম ওসমানের বিরুদ্ধে আগেও একই ধরনের প্রতারণার অভিযোগ রয়েছে। তার অপরাধ বৃত্তান্ত বিশ্লেষণ করে জানা যায়, তিনি একজন পেশাদার প্রতারক এবং সরকারি উচ্চপদস্থ কর্মকর্তার পরিচয়ে প্রতারণার ইতিহাস রয়েছে।
গ্রেপ্তারের পর রাজশাহীর বাঘা থানায় তার বিরুদ্ধে থাকা গ্রেপ্তারি পরোয়ানা অনুযায়ী তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

























