ন্যায়বিচার পেলেন অভয়নগরের কৃতি সন্তান রেজাউল করিম, লেঃ কর্নেল পদে পদোন্নতি
বিডিআর বিদ্রোহে সত্য বলায় কারাবরণ

দীর্ঘ ১৬ বছরের বঞ্চনা ও কারাবরণ শেষে অবশেষে ন্যায়বিচার পেলেন যশোরের অভয়নগর উপজেলার চলিশীয়া গ্রামের কৃতি সন্তান রেজাউল করিম সুমন। তৎকালীন আওয়ামী লীগ সরকারের আমলে বিডিআর বিদ্রোহ নিয়ে সত্য ও নিরপেক্ষ রিপোর্ট পেশ করার জেরে প্রতিহিংসার শিকার হওয়া এই সেনাসদস্যকে লেঃ কর্নেল পদে পদোন্নতি দিয়ে সকল সুযোগ-সুবিধাসহ সসম্মানে অবসর প্রদান করা হয়েছে।
পারিবারিক সূত্রে জানা যায়, লেঃ কমান্ডার মোসলেম উদ্দিনের একমাত্র ছেলে তৎকালীন ক্যাপ্টেন রেজাউল করিম সুমন ২০০৯ সালের বিডিআর বিদ্রোহের ঘটনায় সত্য ও নিরপেক্ষ তদন্ত রিপোর্ট পেশ করেছিলেন। এতে ক্ষিপ্ত হয়ে তৎকালীন সরকার তাকে চাকরিচ্যুত করে এবং রাজনৈতিক উদ্দেশ্যে তৎকালীন এমপি ফজলে নূর তাপসের ওপর মিথ্যা গ্রেনেড হামলার মামলায় জড়িয়ে দেয়। ওই সাজানো মামলায় তাকে ৫ বছরের কারাদণ্ড প্রদান করা হয়েছিল।
বর্তমান সরকারের সিদ্ধান্ত: সম্প্রতি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার তার বিরুদ্ধে হওয়া পূর্বের অন্যায় ও প্রতিহিংসামূলক মামলা পর্যালোচনা করে তাকে নির্দোষ ঘোষণা করে। একইসঙ্গে তার দীর্ঘদিনের বঞ্চনা দূর করতে তাকে ক্যাপ্টেন থেকে লেঃ কর্নেল পদে পদোন্নতি প্রদান করা হয় এবং সামরিক মর্যাদা ও পূর্ণ সুযোগ-সুবিধাসহ অবসরের আদেশ দেওয়া হয়।
দীর্ঘদিন পর সন্মানে নিজ পদে ফিরে আসা এবং যথাযথ মর্যাদা পাওয়ায় লেঃ কর্নেল রেজাউল করিম সুমন বর্তমান সরকারের সুবিচারের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। সত্যের জয় নিশ্চিত হওয়ায় তিনি মহান আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করেন এবং ভবিষ্যৎ জীবনের জন্য এলাকাবাসীসহ সকলের নিকট দোয়া প্রার্থনা করেছেন।
তাঁর এই অর্জনে চলিশীয়াসহ গোটা অভয়নগর এলাকায় আনন্দের জোয়ার বইছে। এলাকাবাসীর মতে, সত্যের পথে থাকলে জয় নিশ্চিত রেজাউল করিম সুমন তার এক উজ্জ্বল দৃষ্টান্ত।

























