গাইবান্ধা-৫ আসনে ৩ দিনে ১৪ মোটরসাইকেলে

গাইবান্ধা-৫ (ফুলছড়ি-সাঘাটা) আসনে নির্বাচনি প্রচারণার মধ্যেই স্বতন্ত্র প্রার্থী আলহাজ্ব নাহিদুজ্জামান নিশাদের কর্মী ও সমর্থকদের ওপর ধারাবাহিক হামলা ও অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। গত তিন দিনে তার কর্মীদের অন্তত ১৪টি মোটরসাইকেলে আগুন দেওয়া হয়েছে বলে অভিযোগ করা হয়েছে। এসব ঘটনায় একাধিক কর্মী আহত হয়েছেন।
বুধবার (২৮ জানুয়ারি) দিবাগত রাতে সাঘাটা উপজেলার কচুয়া বাজার এলাকায় নিশাদের কর্মী নুরুজ্জামান সরদারের বাড়িতে ঢুকে অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীরা তিনটি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করে। এর আগে একই দিন সন্ধ্যায় ভন্নতের বাজার এলাকায় প্রচারণা শেষে বাড়ি ফেরার পথে নিশাদের কর্মী আবু শাহী ও অন্যরা হামলার শিকার হন। অভিযোগ রয়েছে, তাদের মারধরের পর ব্যবহৃত মোটরসাইকেল ভাঙচুর করে আগুন দেওয়া হয়। আহতদের স্থানীয়দের সহযোগিতায় সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এছাড়া বুধবার রাত থেকে বৃহস্পতিবার ভোর পর্যন্ত পৃথক দুটি হামলায় আরও চারটি মোটরসাইকেল ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে বলে জানা গেছে।
স্বতন্ত্র প্রার্থী নাহিদুজ্জামান নিশাদ অভিযোগ করে বলেন, “প্রচারণা শুরুর প্রথম দিন থেকেই আমার সমর্থকদের লক্ষ্য করে হামলা, ভীতি প্রদর্শন ও যানবাহন ধ্বংসের ঘটনা ঘটানো হচ্ছে।” তিনি দাবি করেন, স্থানীয় প্রশাসনকে বারবার অবহিত করা হলেও এখনো কার্যকর প্রতিকার বা নিরাপত্তা নিশ্চিত করা হয়নি।
এ বিষয়ে সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব আলম বলেন, “আগের একটি হামলার ঘটনায় একজনকে আটক করা হয়েছে। নতুন ঘটনাগুলোর তদন্ত চলছে। পুড়ে যাওয়া মোটরসাইকেলগুলো জব্দ করা হয়েছে।”
ঘটনাগুলোকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি পর্যবেক্ষণ করছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।


























