আগামী ১ ডিসেম্বর সোহরাওয়ার্দী উদ্যানের পরিবর্তে নয়াপল্টনে সমাবেশ করবে বিএনপি। রোববার (২৯ নভেম্বর) নয়াপল্টনে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী এ তথ্য জানান।
তিনি বলেন,‘বিজয় দিবস জাতির অর্জনের দিন। এ কারণেই বিএনপি মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে।’
সমাবেশের স্থান পরিবর্তনের বিষয়ে রিজভী বলেন,‘সোহরাওয়ার্দী উদ্যানে সংস্কারের কাজ চলায় বিজয় মাসের কর্মসূচির উদ্বোধনী সমাবেশ নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত হবে।’
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, ডিসেম্বরের সমাবেশ এবং দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে চিকিৎসক, প্রকৌশলীসহ বিভিন্ন পেশাজীবীর সঙ্গে বিএনপির পক্ষ থেকে বৈঠক করা হয়েছে।
চলমান পরিস্থিতি নিয়ে তিনি বলেন,‘বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে পরাজিত শক্তি আজও বিভিন্ন জায়গায় ককটেল বিস্ফোরণ ঘটাচ্ছে। সরকার শান্তিপূর্ণভাবে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে।’
তিনি আরও বলেন,‘বিভিন্ন এলাকায় অস্ত্র ব্যবহার করে কীভাবে সন্ত্রাসী কর্মকাণ্ড চালানো হচ্ছে, তা দেখা যাচ্ছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর না হলে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব হুমকির মুখে পড়বে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিষ্ক্রিয় থাকলে চলবে না। তারা তৎপর না হলে পরিস্থিতির উন্নতি হবে না।’
বিএনপির এই নেতা বলেন,‘নিষিদ্ধ সংগঠনের ডাকা লকডাউনকে মানুষ গুরুত্ব দেয়নি। সবকিছু স্বাভাবিকভাবে চলছে। নিষিদ্ধ সংগঠনের ডাকা লকডাউন কোনো রাজনৈতিক কর্মসূচি নয়।’