চোট কাটিয়ে প্রথমবার শুরুর একাদশে ফিরে গোলের দেখা পেলেন লাউতারো মার্তিনেজ। তার ফেরার ম্যাচে জোড়া গোল করে আলো ছড়ালেন মার্কাস থুরামও। দুজনের নৈপুণ্যে সিরি আ-তে জয়ের ধারায় ফিরেছে বর্তমান চ্যাম্পিয়ন ইন্টার মিলান।
শনিবার রাতে সান সিরোতে জেনোয়াকে ৪-০ গোলে হারিয়েছে ইন্টার। স্বাগতিকদের হয়ে জালের দেখা পেয়েছেন পেতার সুসিচও।
সেপ্টেম্বরের পর সিরি আ-তে প্রথমবারের মতো শুরুর একাদশে জায়গা পেয়েছিলেন মার্তিনেজ। ফিরেই গোল করে নিজের উপস্থিতি জানান দেন আর্জেন্টাইন ফরোয়ার্ড। ২৯তম মিনিটে অ্যান্ডি দিউফের পাস থেকে প্রথমবারের শটেই বল জালে পাঠান তিনি।
চলতি মৌসুমে সিরি আ-তে এটি মার্তিনেজের পঞ্চম গোল। এই গোলের মাধ্যমে ইউরোপের শীর্ষ পাঁচ লিগে ২০১৮-১৯ মৌসুম থেকে টানা ৯ মৌসুমে অন্তত পাঁচটি করে গোল করার কীর্তি গড়েছেন তিনি। এই তালিকায় তার সঙ্গে আছেন কেবল কিলিয়ান এমবাপে।
বিরতির পাঁচ মিনিট আগে ব্যবধান বাড়ান থুরাম। মার্তিনেজের পাস পেয়ে ঘুরে দাঁড়িয়ে দারুণ শটে গোল করেন ফরাসি ফরোয়ার্ড। প্রথমার্ধের শেষ মুহূর্তে পেনাল্টি থেকে গোল করে ব্যবধান ৩-০ করেন সুসিচ।
দ্বিতীয়ার্ধের ৫৪তম মিনিটে নিজের দ্বিতীয় গোল করেন থুরাম। নিকোলো বারেলার পাস ডিফেন্ডারের গায়ে লেগে তার পায়ে এলে সহজেই জালে পাঠান তিনি। এরপর মার্তিনেজকে তুলে নেন কোচ ক্রিস্তিয়ান কিভু।
গত সপ্তাহে আতালান্তার সঙ্গে ৪-৪ গোলে ড্র করে পয়েন্ট হারিয়েছিল ইন্টার। এই জয়ে ৩২ পয়েন্ট নিয়ে সিরি আ-র দ্বিতীয় স্থানে উঠে এসেছে তারা। শীর্ষে থাকা অপরাজিত লাৎসিওর পয়েন্ট ৩৫।
রাতের অন্য ম্যাচে তুরিনোকে ২-১ গোলে হারিয়েছে লাৎসিও। প্রথমার্ধের শেষ দিকে দুই মিনিটের ব্যবধানে গোল করেন অলিভার প্রোভস্টগার্ড ও গুস্তাভ ইসাকসেন। বিরতির পর চে অ্যাডামস একটি গোল শোধ করলেও জয় নিয়ে মাঠ ছাড়ে লাৎসিও।
বিডি প্রতিদিন/এনইউ