চুয়াডাঙ্গার দর্শনায় ভোক্তার অভিযানে তিনটি প্রতিষ্ঠানে ৩৫ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত দর্শনা হল্ট স্টেশন ও বাজার এলাকায় এ অভিযান চালানো হয়। এতে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান।
অভিযান সূত্রে জানা গেছে, অভিযানে অপরিচ্ছন্ন পরিবেশে খাবার উৎপাদন ও সংরক্ষণ করায় ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এর সংশ্লিষ্ট ধারায় শাহিন রেজার প্রতিষ্ঠান রিয়াদ হোটেলকে ২৫ হাজার, সুমন ছাদেকের প্রতিষ্ঠান হ্যাপি স্টোরকে ৫ হাজার এবং মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রি করায় আজহারুল করিমের ফার্মেসী মীম মেডিকেল হলকে ৫ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। অভিযানে সার্বিক সহযোগিতায় ছিলেন ক্যাব প্রতিনিধি রফিকুল ইসলাম ও জেলা আনসার ব্যাটিলিয়ন সদস্যের একটা টিম। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।