দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও আট শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে হাম ও হামের উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৩৭১ জনে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত নিশ্চিত হামে ১০৬ শিশু এবং হামের উপসর্গ নিয়ে এক হাজার ২৬৫ শিশুর মৃত্যু হয়েছে।
গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে সিলেট বিভাগে তিনজন, রংপুর বিভাগে দুজন এবং চট্টগ্রাম ও ময়মনসিংহ বিভাগে একজন করে শিশুর মৃত্যু হয়েছে। এ ছাড়া নিশ্চিত হামে ঢাকা বিভাগে এক শিশুর মৃত্যু হয়েছে।
একই সময়ে নতুন করে ১০২ শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে। এ নিয়ে চলতি বছরে নিশ্চিত হাম শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৬ হাজার ৪৭৬ জনে।
এ ছাড়া গত ২৪ ঘণ্টায় আরও এক হাজার সাত শিশুর শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। এ নিয়ে দেশে সন্দেহভাজন হাম রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে দুই লাখ ৬১ হাজার ৫৩৫ জনে।