যুক্তরাষ্ট্রের ক্রমবর্ধমান রপ্তানি নিষেধাজ্ঞা এবং ভূ-রাজনৈতিক চাপের মুখে নিজেদের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতকে স্বনির্ভর করতে দ্রুতগতিতে এগোচ্ছে চীন। সুইস বিনিয়োগ ব্যাংক ইউবিএস-এর এক সাম্প্রতিক গবেষণা প্রতিবেদনে পূর্বাভাস দেওয়া হয়েছে যে, ২০২৮ সালের মধ্যে চীনের অভ্যন্তরীণ এআই চিপ বাজারের ৮৮ শতাংশ দখল করে নেবে দেশটির নিজস্ব চিপ নির্মাতা প্রতিষ্ঠানগুলো।
হংকংভিত্তিক সংবাদমাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্টের (এসসিএমপি) এক প্রতিবেদনে ইউবিএসের এই তথ্য তুলে ধরা হয়েছে, যা মার্কিন চিপ জায়ান্ট এনভিডিয়ার জন্য চীনের বাজারে নতুন করে বড় ধরনের উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।
ইউবিএস সিকিউরিটিজের বিশ্লেষণ অনুযায়ী, চীনের ঘরোয়া এআই অ্যাক্সিলারেটর চিপের বাজার আগামী কয়েক বছরে অভাবনীয় প্রবৃদ্ধি অর্জন করতে যাচ্ছে। ব্যাংকের প্রাক্কলন বলছে, ২০২৭ সালের মধ্যে চীনের স্থানীয় চিপ নির্মাতারা দেশের বাজারের ৮৩ শতাংশ নিজেদের নিয়ন্ত্রণে নেবে এবং ২০২৮ সালে তা বেড়ে ৮৮ শতাংশে পৌঁছাবে। শুধু বাজারের অংশীদারত্বই নয়, উৎপাদনের পরিমাণেও বড় উল্লম্ফন ঘটবে বলে আশা করা হচ্ছে। ইউবিএসের পূর্বাভাস মতে, ২০২৫ থেকে ২০৩০ সালের মধ্যে চীনে দেশীয় এআই অ্যাক্সিলারেটর চিপের বার্ষিক সরবরাহ প্রায় ছয় গুণ বৃদ্ধি পাবে। ২০২৫ সালে যেখানে এই সরবরাহের পরিমাণ ছিল ১৭ লাখ ইউনিট, ২০৩০ সাল নাগাদ তা বেড়ে ১ কোটি ৪ লাখ (১০.৪ মিলিয়ন) ইউনিটে দাঁড়াবে। আর্থিক মূল্যে ২০৩০ সালের মধ্যে চীনের এই ঘরোয়া এআই চিপের বাজার প্রায় ২ ট্রিলিয়ন ইউয়ানে পৌঁছাবে বলে ধারণা করছে ব্যাংকটি।
চীনের এই স্থানীয় চিপ বিপ্লবে নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে সামনের সারিতে থাকা প্রতিষ্ঠান হিসেবে ক্যামব্রিকন টেকনোলজিস এবং বিরেন টেকনোলজির নাম বিশেষভাবে উল্লেখ করেছে ইউবিএস। প্রতিবেদনে বলা হয়েছে, বাজারের এই বিশাল চাহিদার একটি উল্লেখযোগ্য অংশ দখল করার মতো শক্তিশালী অবস্থানে রয়েছে প্রতিষ্ঠান দুটি। তবে দ্রুত বর্ধনশীল এই বাজারে চীনা প্রতিষ্ঠানগুলোর সামনে বেশ কিছু কাঠামোগত ও সরবরাহজনিত চ্যালেঞ্জও রয়েছে বলে সতর্ক করেছে ইউবিএস। ব্যাংকের গবেষণা নোটে উল্লেখ করা হয়েছে, উন্নত ফাউন্ড্রি সক্ষমতা (চিপ তৈরির কারখানা) এবং হাই-ব্যান্ডউইথ মেমোরি (এইচবিএমে) স্বল্পতা বর্তমানে চীনা চিপ নির্মাতাদের জন্য প্রধান প্রতিবন্ধকতা হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে ২০২৬ ও ২০২৭ সালে এই সরবরাহ সংকট সবচেয়ে তীব্র আকার ধারণ করতে পারে।
ইউবিএসের মতে, আগামী এক থেকে দুই বছরের মধ্যে কোনো চিপ নির্মাতা প্রতিষ্ঠানের মূল প্রতিযোগিতামূলক সক্ষমতা নির্ভর করবে তারা কতটা সফলভাবে উৎপাদন সক্ষমতা ও গুরুত্বপূর্ণ যন্ত্রাংশের সরবরাহ নিশ্চিত করতে পারছে তার ওপর। তবে দীর্ঘমেয়াদে এই সংকট কেটে যাবে এবং ২০৩০ সাল নাগাদ চীনের অভ্যন্তরীণ এআই চিপের বাজারে চাহিদা ও জোগানের মধ্যে ভারসাম্য তৈরি হবে বলে আশা প্রকাশ করেছে সুইস ব্যাংকটি।
এদিকে, চীনা প্রতিষ্ঠানগুলোর এই দ্রুত উত্থানের বিপরীতে মার্কিন চিপ জায়ান্ট এনভিডিয়ার সংকট দিন দিন আরও ঘনীভূত হচ্ছে। ওয়াশিংটনের একের পর এক কঠোর রপ্তানি নিয়ন্ত্রণ নীতির কারণে চীনের বাজারে এনভিডিয়ার ব্যবসা সংকুচিত হয়ে পড়ছে। সর্বশেষ যুক্তরাষ্ট্রের বাণিজ্য দপ্তরের নতুন বিধিনিষেধের কারণে চীন তো বটেই, দক্ষিণ-পূর্ব এশিয়ার চারটি দেশেও (মালয়েশিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ড ও ইন্দোনেশিয়া) এআই সার্ভার সরবরাহ সাময়িকভাবে স্থগিত করতে বাধ্য হয়েছে এনভিডিয়া ও এর সহযোগী নির্মাতা প্রতিষ্ঠান ডেল ও সুপারমাইক্রো। তৃতীয় কোনো দেশের ডেটা সেন্টার বা ক্লাউড সেবার মাধ্যমে চীনা কোম্পানিগুলো যাতে এনভিডিয়ার উন্নত চিপ ব্যবহার করতে না পারে, সেজন্য মার্কিন প্রশাসন এই কঠোর অবস্থান নিয়েছে।
পাশাপাশি সম্প্রতি সিবিএস নিউজের এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, এনভিডিয়া যুক্তরাষ্ট্রে নিবন্ধিত এমন দুটি প্রতিষ্ঠানের কাছে তাদের শীর্ষস্থানীয় এআই চিপ বিক্রি করেছে, যেগুলোর মালিকানা আসলে চীনা কোম্পানির হাতে রয়েছে। এসব ঘটনা ও নতুন রপ্তানি নিষেধাজ্ঞার ফলে এনভিডিয়ার ওপর মার্কিন নীতিনির্ধারকদের নজরদারি ও চাপ আরও বেড়েছে। অন্যদিকে, আলিবাবা ও টেনসেন্টের মতো চীনের শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোও মার্কিন নিষেধাজ্ঞার প্রভাব মোকাবিলায় নিজেদের ক্লাউড ও এআই অবকাঠামোয় দেশীয় চিপের ব্যবহার দ্রুত বাড়ানোর ঘোষণা দিয়েছে।
সূত্র: সাউথ চায়না মর্নিং পোস্ট