তেহরান রাসায়নিক অস্ত্র তৈরি করছে, ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রীর এমন অভিযোগের পর ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেছেন, যুক্তরাষ্ট্রকে আরেকটি যুদ্ধে জড়াতে চাইছে ইসরায়েল।
বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক বিবৃতিতে আব্বাস আরাঘচি বলেন, এই যুদ্ধবাজ নির্লজ্জভাবে ইরানের বিরুদ্ধে ওষুধ তৈরির কারখানায় এ ধরনের জঘন্য অস্ত্র তৈরি ও লুকিয়ে রাখার অভিযোগ আনছে। তাদের উদ্দেশ্য অত্যন্ত দুঃসাহসিক। নিজেদের স্বার্থে যুক্তরাষ্ট্রকে প্রতারিত করে আরেকটি যুদ্ধে নামানো।
ইসরায়েল বছরের পর বছর ধরে ইরানের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র অর্জনের চেষ্টার অভিযোগ করে আসছে। তবে মঙ্গলবার ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ অভিযোগ করেন যে, তেহরান রাসায়নিক অস্ত্র তৈরি করছে এবং তারা যাতে তা অর্জন করতে না পারে সেজন্য তা প্রতিহত করার অঙ্গীকার করেন।
নিজের দল লিকুদ পার্টির টেলিগ্রাম চ্যানেলে প্রকাশিত এক বিবৃতিতে কাটজ বলেন, ইরান রাসায়নিক অস্ত্র তৈরির প্রক্রিয়ার মধ্যে রয়েছে, তবে তা দিয়ে ইসরায়েলে হামলা চালানোর সক্ষমতা এখনো অর্জন করেনি। আমাদের এটি কোনোভাবেই এগোতে দেওয়া উচিত নয়।
এদিকে ইসরায়েলের ভেতরেও এ নিয়ে বিরোধিতা দেখা দিয়েছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী পদের অন্যতম দাবিদার গাদি আইজেনকোটের একজন ঘনিষ্ঠ মিত্র বলেছেন, এই মুহূর্তে ইরানে হামলা চালানোর কোনো প্রয়োজন নেই এবং তিনি তত্ত্বাবধায়ক সরকারের উদ্দেশ্য নিয়েও প্রশ্ন তুলেছেন।
ইসরায়েলের বিরোধী নেতা আভিগদর লিবারম্যান বলেছেন, তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজের ক্ষমতার লোভ তাদের মাথা খারাপ করে দিয়েছে। এক্সে দেওয়া এক পোস্টে লিবারম্যান লেখেন, ইরানের হাতে রাসায়নিক অস্ত্র থাকার বিষয়ে যেসব বক্তব্য দেওয়া হচ্ছে তা গুরুতর কিন্তু গোয়েন্দা ও সামরিক অভিযানের দৃষ্টিকোণ থেকে নিকট ভবিষ্যতে এককভাবে ইসরায়েলি হামলার কোনো যৌক্তিকতা নেই।
ইসরায়েলি এই অভিযোগগুলোকে নিছক অপপ্রচার বলে উড়িয়ে দিয়েছে ইরান। গত সপ্তাহেই ইরান রাসায়নিক অস্ত্র ব্যবহারের পরিকল্পনা করছে, এমন আলোচনাকে আবর্জনা বলে আখ্যা দিয়েছিলেন আব্বাস আরাঘচি।
একই সঙ্গে ইরান জৈব বা রাসায়নিক অস্ত্র তৈরি করছে বলে যুক্তরাষ্ট্র যে অভিযোগ তুলেছে, তেহরান তা-ও প্রত্যাখ্যান করেছে। বিষয়টিকে ২০০৩ সালে ইরাক আক্রমণের আগে বাগদাদের কাছে গণবিধ্বংসী অস্ত্র থাকার বিষয়ে ওয়াশিংটনের দাবির সঙ্গে তুলনা করেছে ইরান।
২০০৩ সালের ফেব্রুয়ারিতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে তৎকালীন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী কলিন পাওয়েলের সেই উপস্থাপনার কথা আন্তর্জাতিক সম্প্রদায় ভুলে যাবে কি না, এমন প্রশ্নও তুলেছে তেহরান। সে সময় বাগদাদের কাছে গণবিধ্বংসী অস্ত্র রয়েছে, এমনটি প্রমাণের চেষ্টা করেছিলেন পাওয়েল। পরের মাসেই যুক্তরাষ্ট্রের নেতৃত্বে ইরাক আক্রমণের ন্যায্যতা দিতে ওই অভিযোগগুলো ব্যবহার করা হয়েছিল, যদিও শেষ পর্যন্ত সেগুলো ভিত্তিহীন বলে প্রমাণিত হয়।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ইরান জৈব বা রাসায়নিক অস্ত্র অর্জনের চেষ্টা করতে পারে বলে ইঙ্গিত পাওয়া গেছে এমন মন্তব্য করার পরই ইরানের পক্ষ থেকে এই কড়া প্রতিক্রিয়া জানানো হলো।
সূত্র: টিআরটি