স্বজনদের আহাজারি
সংসারের অভাব ঘোচাতে ধারদেনা করে প্রায় এক বছর আগে সৌদি আরবে পাড়ি জমিয়েছিলেন জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার মামুনুর রশিদ (৪০)। পরিবারের সচ্ছলতা ফেরানোর স্বপ্ন নিয়ে বিদেশে গেলেও সেই স্বপ্ন পূরণ হলো না।
সৌদি আরবের রাজধানী রিয়াদে স্ট্রোক করে মারা গেছেন তিনি। এখন তার মরদেহ দেশে ফিরিয়ে আনার অপেক্ষায় দিন কাটছে স্বজনদের।
মামুনুর রশিদ ক্ষেতলাল উপজেলার তুলসীগঙ্গা ইউনিয়নের দার্শরা উত্তরপাড়া গ্রামের মৃত হরমুজের ছেলে। পরিবারে রয়েছেন বৃদ্ধা মা, স্ত্রী এবং ১৫, ৭ ও সাড়ে ৩ বছর বয়সী তিন ছেলে।
স্বজন ও পারিবারিক সূত্রে জানা গেছে, মঙ্গলবার কাজ শেষে বাসায় ফেরার পথে রিয়াদের সড়কে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন মামুনুর। সহকর্মীরা তাকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। প্রাথমিকভাবে স্ট্রোকে তার মৃত্যু হয়েছে বলে পরিবারের সদস্যদের জানানো হয়েছে।
পরিবারের সদস্যরা জানান, সংসারের অভাব দূর করতে ঋণ নিয়ে সৌদি আরবে গিয়েছিলেন মামুনুর। তার আকস্মিক মৃত্যুতে পরিবারটি উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে চরম বিপাকে পড়েছে। একদিকে রয়েছে আগের ঋণের বোঝা, অন্যদিকে অর্থাভাবে তার মরদেহ দেশে ফিরিয়ে আনার খরচ জোগাড় করাও কঠিন হয়ে পড়েছে। বাবার মৃত্যুর খবরে তিন শিশুসন্তানসহ পরিবারের সদস্যদের কান্নায় বাড়িতে শোকের পরিবেশ বিরাজ করছে।
তুলসীগঙ্গা ইউনিয়ন বিএনপির সভাপতি ওয়ারেছুল মজিদ কদর বলেন, ‘মামুনুর রশিদের পরিবার অত্যন্ত অসহায়। তার লাশ দ্রুত দেশে ফিরিয়ে আনতে সরকারের সংশ্লিষ্ট দপ্তরের জরুরি সহযোগিতা প্রয়োজন।’
মামুনুর রশিদের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনতে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, সৌদি আরবে বাংলাদেশ দূতাবাস এবং সমাজের সামর্থ্যবান ব্যক্তিদের সহযোগিতা কামনা করেছেন স্বজনেরা।