শিক্ষার্থী ও সদ্য স্নাতকদের কর্মসংস্থানের সুযোগ তৈরি এবং সম্ভাব্য নিয়োগকর্তাদের সঙ্গে সরাসরি যোগাযোগের সুযোগ করে দিতে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ইউআইইউ) অনুষ্ঠিত হয়েছে ‘ন্যাশনাল ক্যারিয়ার ফেয়ার ২০২৬’।
আজ বুধবার বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে দিনব্যাপী এ মেলার আয়োজন করে ইউআইইউর ডিরেক্টরেট অব ক্যারিয়ার কাউন্সেলিং অ্যান্ড স্টুডেন্ট অ্যাফেয়ার্স (ডিসিসিএসএ)। রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালসের পৃষ্ঠপোষকতায় আয়োজিত এ মেলায় দেশি-বিদেশি ১০৭টি প্রতিষ্ঠান অংশ নেয়। এসব প্রতিষ্ঠানে পূর্ণকালীন ও খণ্ডকালীন চাকরি এবং ইন্টার্নশিপ মিলিয়ে প্রায় এক হাজার কর্মসংস্থানের সুযোগ রয়েছে।
দেশের সরকারি ও বেসরকারি সব বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও স্নাতকদের জন্য উন্মুক্ত এ আয়োজনে প্রায় ২০ হাজার চাকরিপ্রত্যাশী অংশ নেন। তাঁরা বিভিন্ন প্রতিষ্ঠানের নিয়োগকর্তাদের সঙ্গে সরাসরি কথা বলার পাশাপাশি সিভি জমা দেওয়া এবং তাৎক্ষণিক সাক্ষাৎকারে অংশ নেওয়ার সুযোগ পান। ব্যাংকিং, নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান, করপোরেট, তথ্যপ্রযুক্তি (আইটি), পাওয়ার ও ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস এবং ওষুধশিল্পসহ বিভিন্ন খাতের প্রতিষ্ঠান মেলায় অংশ নেয়।
ক্যারিয়ার ফেয়ারের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইউআইইউ বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ও ইউনাইটেড গ্রুপের চিফ অ্যাডভাইজার হাসান মাহমুদ রাজা। বিশেষ অতিথি ছিলেন ইউনাইটেড গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মাইনুদ্দীন হাসান রশীদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউআইইউর উপাচার্য অধ্যাপক ড. মো. আবুল কাশেম মিয়া। এ ছাড়া উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের সদস্য আখতার মাহমুদ রানা এবং ইউনাইটেড গ্রুপের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক নিজামউদ্দীন হাসান রশীদ।
প্রধান অতিথির বক্তব্যে হাসান মাহমুদ রাজা বলেন, শিক্ষার্থীরাই আগামী দিনের ভবিষ্যৎ। তাঁরাই শিক্ষাপ্রতিষ্ঠান ও দেশের প্রতিনিধিত্ব করবেন। তাই তাঁদের সবার আগে মানবিক ও উন্নত ব্যক্তিত্বের অধিকারী হতে হবে এবং দেশ ও মানুষের কল্যাণে কাজ করতে হবে। শিক্ষার্থীরা চেষ্টা করলে অবশ্যই সেরাদের কাতারে পৌঁছাতে পারবেন।
বিশেষ অতিথি মাইনুদ্দীন হাসান রশীদ বলেন, শিক্ষার্থীদের আচার-আচরণ ও ব্যবহারের বিষয়ে সচেতন হতে হবে। নিজেদের মধ্যে মানবিক গুণাবলির চর্চা করতে হবে। মানবিক মূল্যবোধ ধারণ করতে পারলে পৃথিবীর যেকোনো জায়গায় তাঁরা সম্মানিত হবেন।
সভাপতির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মো. আবুল কাশেম মিয়া বলেন, শিক্ষার্থীদের ক্যারিয়ার গঠন, যুগোপযোগী দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তোলা এবং শিল্পপ্রতিষ্ঠানের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপনে এ ক্যারিয়ার ফেয়ার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। মানসম্মত শিক্ষা নিশ্চিত করা, দক্ষ মানবসম্পদ তৈরি এবং শিক্ষার্থীদের ভবিষ্যৎ কর্মজীবনের জন্য প্রস্তুত করতে ইউআইইউ নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলেও জানান তিনি।
মেলায় অংশগ্রহণকারী উল্লেখযোগ্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে ছিল ওয়ান ব্যাংক, প্রাইম ব্যাংক, গিগাবাইট, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, সাউথইস্ট ব্যাংক পিএলসি, এরনা, এমজিআই, ইউনাইটেড গ্রুপ, ব্র্যাক, এসিআই, স্কয়ার, প্রাণ, বিকাশ, ম্যারিকো, অ্যাপেক্স ও রেনেটা। এ ছাড়া আরও অনেক দেশি-বিদেশি প্রতিষ্ঠান এতে অংশ নেয়।
দিনব্যাপী এ আয়োজনে ইউআইইউর ট্রেজারার, রেজিস্ট্রার, বিভিন্ন বিভাগের প্রধান, শিক্ষক, কর্মকর্তা, শিক্ষার্থী, চাকরিপ্রত্যাশী এবং বিভিন্ন করপোরেট প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।