বিশাল ভূখণ্ডের দুই বিপরীত প্রান্তে অবস্থান ভারত ও জাপানের, যাদের মাঝখানে রয়েছে চীনের বিস্তীর্ণ অঞ্চল। ভৌগোলিক দূরত্ব থাকলেও বেইজিংয়ের ক্রমবর্ধমান আধিপত্যবাদী ও সম্প্রসারণবাদী নীতি এই দুই দেশকে একটি অভিন্ন কৌশলগত চ্যালেঞ্জের মুখে দাঁড় করিয়েছে। চীনের আঞ্চলিক উচ্চাকাঙ্ক্ষা রুখতে উভয় দেশই নিজ নিজ সামরিক সক্ষমতা ও প্রতিরক্ষা প্রস্তুতি বাড়াচ্ছে। নয়াদিল্লি ও টোকিওর অভিন্ন আশঙ্কা হলো, চীনের ক্রমবর্ধমান সামরিক শক্তি তাদের আঞ্চলিক অখণ্ডতাকে হুমকির মুখে ফেলতে পারে এবং আঞ্চলিক ভারসাম্য নষ্ট করতে পারে।
এই প্রেক্ষাপটে ভারত ও জাপান তাদের সহযোগিতাকে আরও এক ধাপ এগিয়ে নিয়েছে। গত ১৯ নভেম্বর টোকিওতে অনুষ্ঠিত চতুর্থ ভারত-জাপান ২+২ পররাষ্ট্র ও প্রতিরক্ষামন্ত্রী পর্যায়ের বৈঠকে দুই দেশ একটি 'লেটার অব ইনটেন্ট' (অভিপ্রায়পত্র) স্বাক্ষর করেছে। এর ফলে জাপানের সশস্ত্র বাহিনী প্রথমবারের মতো ভারতের সামরিক ঘাঁটি ব্যবহার করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপসহ সরাসরি গোলাবর্ষণের (লাইভ-ফায়ার) মহড়া চালানোর সুযোগ পাবে। ভারত-জাপান কৌশলগত অংশীদারিত্ব যে কেবল কূটনৈতিক ঘোষণার মধ্যে সীমাবদ্ধ না থেকে বাস্তব সামরিক সহযোগিতায় রূপ নিচ্ছে, এটিই তার সবচেয়ে স্পষ্ট প্রমাণ।
চীনের সামরিক আধুনিকায়ন, নৌ-উপস্থিতি বৃদ্ধি, দূরপাল্লার ক্ষেপণাস্ত্র সক্ষমতা এবং আঞ্চলিক দাবির ক্ষেত্রে কঠোর অবস্থান ইন্দো-প্যাসিফিক অঞ্চলের নিরাপত্তা চিত্র বদলে দিয়েছে। ভারত ও জাপান ভিন্ন ভিন্ন ফ্রন্টে এই চাপের মুখোমুখি হলেও তাদের মূল কৌশলগত চ্যালেঞ্জ একই। ভারতের ক্ষেত্রে এই চাপ মূলত হিমালয় সীমান্তে কেন্দ্রভূত, বিশেষ করে ২০২০ সালের গালওয়ান উপত্যকার সংঘর্ষ এবং পূর্ব লাদাখে পরবর্তী সামরিক অচলাবস্থার পর থেকে। তিব্বত ও জিনজিয়াংয়ে চীনের সামরিক মোতায়েন, বিমানঘাঁটি সম্প্রসারণ ও ক্ষেপণাস্ত্র সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি পাকিস্তানের সাথে বেইজিংয়ের ঘনিষ্ঠ সামরিক সম্পর্ক নয়াদিল্লির জন্য দুই ফ্রন্টে যুদ্ধের শঙ্কা তৈরি করেছে। অন্যদিকে, জাপানের উদ্বেগ মূলত সমুদ্রসীমা এবং পশ্চিম প্রশান্ত মহাসাগরের দ্বীপপুঞ্জ ঘিরে। জাপানের প্রশাসনিক নিয়ন্ত্রণে থাকা সেনকাকু দ্বীপপুঞ্জের (যা চীন দিয়াওয়ু দ্বীপপুঞ্জ হিসেবে দাবি করে) আশেপাশে নিয়মিত চীনা কোস্টগার্ডের জাহাজ টহল দিচ্ছে। এছাড়া জাপানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় দ্বীপপুঞ্জের কাছাকাছি অবস্থিত তাইওয়ান ঘিরে চীনের সামরিক তৎপরতা নিয়েও টোকিও গভীরভাবে উদ্বিগ্ন।
ভৌগোলিক অবস্থান ভিন্ন হলেও উভয় দেশের মূল সমস্যা এক; একটি শক্তিশালী চীন, যারা নিজেদের স্বার্থ হাসিলে সামরিক শক্তি ও কৌশলগত প্রভাব খাটাতে ক্রমশ মরিয়া হয়ে উঠছে। যদিও কোনো সরকারই এই অংশীদারিত্বকে বেইজিংবিরোধী সামরিক জোট হিসেবে অভিহিত করছে না বরং তারা একটি মুক্ত, অবাধ ও নিয়মভিত্তিক ইন্দো-প্যাসিফিক অঞ্চলের প্রতিশ্রুতির কথা বলছে। তবুও তাদের আন্তঃকার্যক্ষমতা, লজিস্টিকস, সমুদ্র নজরদারি এবং প্রতিরক্ষা-শিল্প সহযোগিতা বাড়ানোর প্রচেষ্টায় একটি স্পষ্ট প্রতিরোধমূলক (ডিটারেন্ট) মাত্রা রয়েছে। এর লক্ষ্য হলো নিজস্ব সক্ষমতা বাড়ানোর পাশাপাশি জোরপূর্বক আঞ্চলিক স্থিতাবস্থা পরিবর্তনের যেকোনো চেষ্টার মূল্য বাড়িয়ে দেওয়া।
ভারত ও জাপানের সম্পর্কের ঐতিহাসিক শিকড় ষষ্ঠ শতাব্দী পর্যন্ত বিস্তৃত হলেও এর নিরাপত্তা মাত্রাটি তুলনামূলকভাবে সাম্প্রতিক। ১৯৫২ সালের ২৮ এপ্রিল দুই দেশ শান্তিচুক্তি স্বাক্ষর ও কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে। ২০০০ সালে 'গ্লোবাল পার্টনারশিপ' এবং ২০০৬ সালে তা 'স্ট্র্যাটেজিক অ্যান্ড গ্লোবাল পার্টনারশিপ'-এ উন্নীত হয়। ২০০৮ সালের অক্টোবরে স্বাক্ষরিত নিরাপত্তা সহযোগিতা সংক্রান্ত যৌথ ঘোষণা প্রতিরক্ষা বিনিময়, সামুদ্রিক নিরাপত্তা এবং সন্ত্রাসবাদ দমনে প্রথম আনুষ্ঠানিক কাঠামো প্রদান করে। পরবর্তীতে ২০১৪ সালের সেপ্টেম্বরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং তৎকালীন জাপানি প্রধানমন্ত্রী শিনজো আবে এই সম্পর্ককে 'স্পেশাল স্ট্র্যাটেজিক অ্যান্ড গ্লোবাল পার্টনারশিপ'-এ উন্নীত করেন। এরপর একাধিক চুক্তির মাধ্যমে এই অংশীদারিত্ব প্রাতিষ্ঠানিক ও কার্যকর গভীরতা লাভ করে। ২০১৪ সালের একটি সমঝোতা স্মারকে প্রতিরক্ষা বিনিময় ও প্রশিক্ষণের ব্যবস্থা করা হয় এবং ২০১৫ সালে স্বাক্ষরিত দুটি চুক্তিতে প্রতিরক্ষা সরঞ্জাম ও প্রযুক্তি হস্তান্তর এবং গোপন সামরিক তথ্য সুরক্ষার বিষয়টি অন্তর্ভুক্ত হয়। ২০১৮ সালে ভারতীয় নৌবাহিনী এবং জাপান মেরিটাইম সেলফ-ডিফেন্স ফোর্সের (জেএমএসডিএফ) মধ্যে একটি চুক্তি নৌ-সহযোগিতাকে আরও শক্তিশালী করে। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ চুক্তিগুলোর একটি হলো 'অ্যাকুইজিশন অ্যান্ড ক্রস-সার্ভিসিং অ্যাগ্রিমেন্ট' (আকসা), যা ২০২০ সালের ৯ সেপ্টেম্বর স্বাক্ষরিত হয় এবং ২০২১ সালের ১১ জুলাই কার্যকর হয়। এই চুক্তির আওতায় দুই দেশের সামরিক বাহিনী একে অপরকে জ্বালানি, খাদ্য, পরিবহন, রক্ষণাবেক্ষণ এবং চিকিৎসা সহায়তাসহ বিভিন্ন রসদ ও সেবা প্রদান করতে পারে, যা দীর্ঘমেয়াদী মহড়া ও সামরিক মোতায়েনকে অনেক সহজ করে তুলেছে।
সামুদ্রিক নিরাপত্তা হলো এমন একটি ক্ষেত্র যেখানে ভারত ও জাপানের কৌশলগত স্বার্থ সবচেয়ে সরাসরি মিলে যায়। উভয় দেশই ভারত মহাসাগর এবং মালাক্কা প্রণালী দিয়ে নির্বিঘ্ন নৌ-বাণিজ্যের ওপর ব্যাপকভাবে নির্ভরশীল এবং এই অঞ্চলে চীনের ক্রমবর্ধমান নৌ-উপস্থিতি, সাবমেরিন মোতায়েন ও বন্দর নেটওয়ার্কের ওপর তীক্ষ্ণ নজর রাখছে। গত ২০ আগস্ট জাপানের প্রতিরক্ষামন্ত্রী শিনজিরো কোইজুমির নয়াদিল্লি সফরের সময় ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এবং কোইজুমি সামুদ্রিক নিরাপত্তা সহযোগিতা বিষয়ক একটি সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। এই চুক্তিতে মেরিটাইম ডোমেইন অ্যাওয়ারনেস বা সামুদ্রিক অঞ্চল সম্পর্কে তথ্য আদান-প্রদান, অনুসন্ধান ও উদ্ধার অভিযান, দুর্যোগ ত্রাণ, সমুদ্রপথের যোগাযোগ রক্ষা, জাহাজ সফর এবং লজিস্টিক সহায়তার কথা বলা হয়েছে। এছাড়া এতে মাইন প্রতিরোধ ব্যবস্থা, যৌথ নৌ-নকশা ও জাহাজ নির্মাণ এবং মেরামতের জন্য একে অপরের শিপইয়ার্ড ব্যবহারের বিষয়টিও অন্তর্ভুক্ত রয়েছে। যুগ্ম সচিব বা মহাপরিচালক পর্যায়ের একটি ওয়ার্কিং গ্রুপ এর বাস্তবায়ন তদারকি করবে এবং ১৯ নভেম্বরের টোকিও বৈঠকে এই সহযোগিতা এগিয়ে নেওয়ার গুরুত্ব পুনর্ব্যক্ত করা হয়েছে।
যৌথ সামরিক মহড়া হলো এই ক্রমবর্ধমান সম্পর্কের সবচেয়ে দৃশ্যমান বহিঃপ্রকাশ। ২০১৮ সাল থেকে ভারতীয় সেনাবাহিনী ও জাপান গ্রাউন্ড সেলফ-ডিফেন্স ফোর্সের মধ্যে বার্ষিক মহড়া 'ধর্ম গার্ডিয়ান' পর্যায়ক্রমে দুই দেশে অনুষ্ঠিত হচ্ছে। এর সপ্তম সংস্করণ গত ২৪ ফেব্রুয়ারি থেকে ৯ মার্চ পর্যন্ত উত্তরাখণ্ডের চৌবাট্টিয়ায় অনুষ্ঠিত হয়, যেখানে উভয় পক্ষের ১২০ জন করে সদস্য অংশ নেন। জাপানের ৩২তম ইনফ্যান্ট্রি রেজিমেন্ট এবং ভারতের লাদাখ স্কাউটস এতে অংশ নিয়ে সন্ত্রাসবাদ দমন ও আধা-শহুরে পরিবেশে যুদ্ধের কৌশল অনুশীলন করে। সমুদ্রে ২০১২ সাল থেকে দ্বিপাক্ষিক নৌ-মহড়া 'জিমেক্স' (বর্তমানে আনুষ্ঠানিক বিবৃতিতে 'জাইমেক্স' হিসেবে উল্লেখ করা হয়) পরিচালিত হচ্ছে, যা সাবমেরিন-বিধ্বংসী ও ভূপৃষ্ঠের যুদ্ধ, আকাশ প্রতিরক্ষা এবং সামুদ্রিক নজরদারির মতো বিষয়গুলো কভার করে। বিমান বাহিনীর সহযোগিতাও গতি পেয়েছে; ২০২৩ সালের জানুয়ারিতে জাপানের হায়াকুরি বিমানঘাঁটিতে প্রথম 'বীর গার্ডিয়ান' মহড়া অনুষ্ঠিত হয়, যেখানে ভারতের সু-৩০এমকেআই যুদ্ধবিমান জাপানের এফ-২ এবং এফ-১৫ বিমানের সাথে মহড়া চালায়। চলতি বছর নির্ধারিত 'বীর গার্ডিয়ান ২৬' আরেকটি মাইলফলক হতে যাচ্ছে, কারণ এতে জাপানের এয়ার সেলফ-ডিফেন্স ফোর্সের যুদ্ধবিমান প্রথমবারের মতো ভারতে আসবে। এছাড়া উভয় দেশ বহুপাক্ষিক 'মালাবার' নৌ-মহড়ায় অংশ নেয়। ১৯৯২ সালে ভারত-যুক্তরাষ্ট্র মহড়া হিসেবে শুরু হওয়া এই আয়োজনে ২০১৫ সালে জাপান এবং ২০২০ সালে অস্ট্রেলিয়া স্থায়ীভাবে যুক্ত হয়ে কোয়াড ফরম্যাট পূর্ণ করে। চলতি বছর জাপান উপকূলে অনুষ্ঠিত 'মালাবার ২০২৬'-এ ভারতের আইএনএস সহ্যাদ্রি এবং জাপানের জেএস মোগামি অংশ নিয়েছে।
টোকিওতে স্বাক্ষরিত 'লেটার অব ইনটেন্ট' এই সামরিক সহযোগিতার একটি বড় সম্প্রসারণ। এর ফলে জাপানের সেলফ-ডিফেন্স ফোর্স ভারতের ফায়ারিং রেঞ্জে ভূমি থেকে জাহাজে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্রসহ সরাসরি গোলাবর্ষণের প্রশিক্ষণ নিতে পারবে। নিজ দেশে বড় আকারের ক্ষেপণাস্ত্র প্রশিক্ষণের জন্য জায়গার সীমাবদ্ধতা থাকায় ভারতের রেঞ্জ ব্যবহারের সুযোগ জাপানের জন্য অত্যন্ত মূল্যবান। অন্যদিকে ভারতের জন্য এই ব্যবস্থা গভীর কৌশলগত আস্থার বহিঃপ্রকাশ এবং একটি গুরুত্বপূর্ণ অংশীদারের জন্য নিজেদের সামরিক অবকাঠামো উন্মুক্ত করার সুযোগ। তবে অভিপ্রায় এবং বাস্তবায়নের মধ্যে পার্থক্যটি গুরুত্বপূর্ণ। যেহেতু এটি একটি অভিপ্রায়পত্র, তাই দুই দেশের প্রতিরক্ষা প্রতিষ্ঠানকে প্রয়োজনীয় ব্যবস্থা ত্বরান্বিত করতে বলা হয়েছে। এর অর্থ এই নয় যে জাপানি ক্ষেপণাস্ত্র ইউনিট ইতিমধ্যে ভারতে গোলাবর্ষণ করেছে বা জাপানকে ভারতের সামরিক রেঞ্জে অবাধ প্রবেশাধিকার দেওয়া হয়েছে; এর সুনির্দিষ্ট পরিধি ও পদ্ধতি এখনো চূড়ান্ত করতে হবে। তবুও, একসময় কেবল সংলাপ, বন্দর সফর ও যৌথ মহড়ায় সীমাবদ্ধ থাকা সহযোগিতা এখন যে বাস্তব সামরিক প্রবেশাধিকার ও প্রশিক্ষণের দিকে এগোচ্ছে, তা স্পষ্ট।
সম্ভবত সবচেয়ে তাৎপর্যপূর্ণ অগ্রগতি হলো যৌথ প্রতিরক্ষা প্রযুক্তি ও শিল্প সহযোগিতার ওপর ক্রমবর্ধমান গুরুত্ব। এর সবচেয়ে স্পষ্ট উদাহরণ হলো জাপানের তৈরি সমন্বিত যোগাযোগ অ্যান্টেনা মাস্ট 'ইউনিকর্ন'। যুদ্ধজাহাজে একাধিক আলাদা অ্যান্টেনার পরিবর্তে এই প্রযুক্তি সবগুলোকে একটি কাঠামোতে একীভূত করে, যা ইলেক্ট্রোম্যাগনেটিক হস্তক্ষেপ এবং জাহাজের রাডার সিগনেচার কমিয়ে দেয়। ২০২৪ সালের নভেম্বরে ভারতীয় নৌবাহিনীর যুদ্ধজাহাজের জন্য যৌথভাবে ইউনিকর্ন মাস্ট তৈরির বিষয়ে একটি বাস্তবায়ন স্মারক স্বাক্ষরিত হয়, যেখানে জাপানি অংশীদারদের সাথে কাজ করছে ভারতের ভারত ইলেকট্রনিক্স লিমিটেড (বিইএল)। টোকিও বৈঠকের পর যৌথ বিবৃতিতে জানানো হয়েছে, ভারত ২০২৭ সালের ফেব্রুয়ারির মধ্যে এ সংক্রান্ত ব্যবস্থার প্রয়োজনীয় অনুমোদন (অ্যাকসেপ্টেন্স অব নেসেসিটি) আশা করছে। এছাড়া ভারতের প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা (ডিআরডিও) এবং জাপানের অ্যাকুইজিশন, টেকনোলজি অ্যান্ড লজিস্টিকস এজেন্সি (আটলা) ক্ষেপণাস্ত্র ও অন্যান্য উন্নত প্রযুক্তিতে যৌথ গবেষণা শুরু করবে বলে আশা করা হচ্ছে। রোবটিক্স এবং মনুষ্যবিহীন স্থলযানও আগ্রহের নতুন ক্ষেত্র হিসেবে উঠে এসেছে, যদিও এ বিষয়ে এখনো কোনো পূর্ণাঙ্গ যৌথ উন্নয়ন কর্মসূচি প্রতিষ্ঠিত হয়নি। প্রতিরক্ষা সরঞ্জাম ও প্রযুক্তি হস্তান্তরে জাপানের বিধিনিষেধ শিথিল করা এবং ভারতের বিশাল প্রতিরক্ষা বাজার ও উৎপাদন সক্ষমতা এই সহযোগিতার নতুন দুয়ার খুলে দিয়েছে।
এ বিষয়ে ও.পি. জিন্দাল গ্লোবাল ইউনিভার্সিটির সেন্টার ফর নর্থইস্ট এশিয়ান স্টাডিজের প্রতিষ্ঠাতা পরিচালক ও চীন অধ্যয়ন বিভাগের অধ্যাপক শ্রীপর্ণা পাঠক টাইমস অব ইন্ডিয়াকে বলেন, ১৯ নভেম্বর ২০২৬ তারিখে টোকিওতে চতুর্থ ভারত-জাপান ২+২ পররাষ্ট্র ও প্রতিরক্ষামন্ত্রী পর্যায়ের বৈঠকে দুই পক্ষ একটি অভিপ্রায়পত্রে স্বাক্ষর করেছে, যা জাপানের সেলফ-ডিফেন্স ফোর্সকে প্রথমবারের মতো ভারতীয় রেঞ্জে সরাসরি গোলাবর্ষণের প্রশিক্ষণ নেওয়ার সুযোগ দেবে, যার মধ্যে চীনা সামুদ্রিক চাপ মোকাবিলায় তৈরি সারফেস-টু-শিপ মিসাইলও রয়েছে।
তিনি আরও বলেন, ভারত ও জাপান একইসাথে পানির নিচের প্রযুক্তি, ক্ষেপণাস্ত্র এবং বিশেষায়িত প্রযুক্তিতে সহযোগিতা ত্বরান্বিত করতে, পারস্পরিক নৌ-জাহাজ মেরামতের সুযোগ চূড়ান্ত করতে এবং 'ডিজাইন উইথ জাপান, মেক ইন ইন্ডিয়া' কাঠামোর অধীনে ভারতীয় নৌবাহিনীতে জাপানের ইউনিকর্ন স্টেলথ অ্যান্টেনা সিস্টেম হস্তান্তরের প্রক্রিয়া এগিয়ে নিতে সম্মত হয়েছে। এই পদক্ষেপগুলো ২০২৬ সালের আগস্টের সামুদ্রিক নিরাপত্তা সহযোগিতা বিষয়ক সমঝোতা স্মারকের ওপর ভিত্তি করে নেওয়া হয়েছে, যা এখন ভারতীয় নৌবাহিনী এবং জাপান মেরিটাইম সেলফ-ডিফেন্স ফোর্সের মধ্যে সামুদ্রিক ও আকাশসীমা সম্পর্কে সচেতনতা, মাইন প্রতিরোধ ব্যবস্থা এবং তথ্য আদান-প্রদানের বাস্তব সহযোগিতায় রূপ নিচ্ছে। ভারত ও জাপানের দ্রুত পরিপক্ক হতে থাকা এই অংশীদারিত্ব কার্যকর সামরিক গভীরতা এবং অর্থনৈতিক ঝুঁকি হ্রাসের সমন্বয়ের মাধ্যমে ইন্দো-প্যাসিফিক জুড়ে বেইজিংকে তার কৌশলের পরিসর পুনর্মূল্যায়ন করতে বাধ্য করছে।
সহযোগিতার পরিধি বাড়লেও ভারত ও জাপান এখনো কোনো আনুষ্ঠানিক সামরিক জোট থেকে অনেক দূরে রয়েছে। উভয় দেশের মধ্যে এমন কোনো পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি নেই যা কোনো দেশ আক্রান্ত হলে অন্য দেশকে সাহায্যে এগিয়ে আসতে বাধ্য করে। ভারত বরাবরই তার 'কৌশলগত স্বায়ত্তশাসন'-কে অগ্রাধিকার দেয়, অন্যদিকে জাপানের যুদ্ধ-পরবর্তী শান্তিবাদী সংবিধান, বিশেষ করে এর ৯ নম্বর অনুচ্ছেদ দেশটির সামরিক ভূমিকার সীমা নির্ধারণ করে দেয়। এছাড়া দুই দেশের হুমকির ধারণাও হুবহু এক নয়; ভারতের প্রধান নিরাপত্তা উদ্বেগ হিমালয় সীমান্ত ও ভারত মহাসাগর ঘিরে, আর জাপানের উদ্বেগ পূর্ব চীন সাগর, তাইওয়ান এবং পশ্চিম প্রশান্ত মহাসাগর অঞ্চলে। উভয় দেশেরই চীনের সাথে ব্যাপক অর্থনৈতিক সম্পর্ক রয়েছে এবং তাদের মধ্যে কোনো যৌথ সামরিক কমান্ড বা সমন্বিত অপারেশনাল পরিকল্পনা নেই।
এর পরিবর্তে তারা যা গড়ে তুলছে তা হলো কোনো জোটের বদলে একটি কৌশলগত নেটওয়ার্ক বা জাল। বর্ধিত সামুদ্রিক সচেতনতা, পারস্পরিক লজিস্টিক সহায়তা, নিয়মিত সামরিক মহড়া, প্রতিরক্ষা প্রযুক্তি অংশীদারিত্ব এবং কোয়াডের মাধ্যমে সহযোগিতা ধীরে ধীরে ইন্দো-প্যাসিফিক অঞ্চলে একটি আন্তঃসংযুক্ত নিরাপত্তা কাঠামো তৈরি করছে। এর মূল উদ্দেশ্য সরাসরি সামরিকভাবে চীনের মুখোমুখি হওয়া নয়, বরং বেইজিংয়ের যেকোনো জবরদস্তিমূলক পদক্ষেপকে আরও কঠিন ও ব্যয়বহুল করে তোলা। নিজস্ব সক্ষমতা বাড়িয়ে এবং যৌথ কাজের ক্ষেত্র সম্প্রসারিত করে ভারত ও জাপান কোনো স্বয়ংক্রিয় সামরিক প্রতিক্রিয়ার অঙ্গীকার না করেই বেইজিংকে নিবৃত্ত করার চেষ্টা করছে। এই অংশীদারিত্ব শেষ পর্যন্ত কতদূর যাবে তা নির্ভর করবে রাজনৈতিক বোঝাপড়া, সামরিক মহড়া এবং প্রযুক্তি চুক্তিগুলো কতটা টেকসই কার্যকর সক্ষমতায় রূপ নেয় তার ওপর। তবে আপাতত এর দিকনির্দেশনা অত্যন্ত স্পষ্ট: ভারত ও জাপান এমন একটি কৌশলগত জাল বুনছে যা পুরো ইন্দো-প্যাসিফিক অঞ্চলে চীনের হিসাব-নিকাশকে মারাত্মকভাবে জটিল করে তুলতে পারে।