আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন সামনে রেখে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। এ তালিকা অনুযায়ী দেশে এখন ভোটার ১২ কোটি ৯২ লাখ ২৯ হাজার ৭৪৯ জন।
বুধবার ২৫ নভেম্বর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের এ তথ্য জানান ইসি সচিব আখতার আহমেদ।
তিনি জানান, ৩১ অক্টোবর পর্যন্ত যাদের বয়স ১৮ বছর পূর্ণ হয়েছে, তারা হালনাগাদ ভোটার তালিকায় যুক্ত হয়েছেন।
চূড়ান্ত তালিকা অনুযায়ী, দেশে পুরুষ ভোটার ৬ কোটি ৫৮ লাখ ৬ হাজার ৫৭৪ জন, নারী ভোটার ৬ কোটি ৩৪ লাখ ২১ হাজার ৮৭৮ জন এবং হিজড়া ভোটার ১ হাজার ২৯৭ জন।
ইসির ঘোষণা অনুযায়ী, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন পাঁচ ধাপে অনুষ্ঠিত হবে। প্রথম ধাপের ভোট হবে ২১ জানুয়ারি, দ্বিতীয় ধাপে ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপে ২৯ এপ্রিল, চতুর্থ ধাপে ১৩ মে এবং পঞ্চম ধাপে ২৭ মে।
এর মধ্যে প্রথম ধাপে ১ হাজার ৪২টি, দ্বিতীয় ধাপে ১ হাজার ৬৯টি, তৃতীয় ধাপে ১ হাজার ২৪টি, চতুর্থ ধাপে ৮১৩টি এবং পঞ্চম ধাপে ৩৮৪টি ইউনিয়ন পরিষদে নির্বাচন হবে।
প্রাথমিকভাবে নভেম্বর থেকে মে মাসের মধ্যে ৭ ধাপে ভোট করার পরিকল্পনা ছিল ইসির। সেই অনুযায়ী ৩১ অগাস্ট ভোটার তালিকা প্রকাশ করা হয়েছিল। তখনকার তুলনায় ভোটার বেড়েছে ৪ লাখ ৫২ হাজার ১০৬ জন।
নির্বাচন কমিশন প্রকাশিত ভোটার তালিকায় যাদের নাম রয়েছে, কেবল তারাই স্থানীয় সরকার নির্বাচনে ভোট দিতে পারবেন।