হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে আদালতের নির্দেশে স্থিতাবস্থা বজায় রাখার আদেশ থাকা সত্ত্বেও বিরোধপূর্ণ জমিতে পাকা স্থাপনা নির্মাণের অভিযোগ উঠেছে এক প্রবাসী ও তাঁর স্বজনদের
বিরুদ্ধে। অভিযুক্তরা হলেন নাসিরনগর উপজেলার ধরমন্ডল গ্রামের আমির আলীর ছেলে প্রবাসী শামীম মিয়া, তাঁর বোন মাসকুরা ও বোনের স্বামী
শহীদ মিয়া। এ ঘটনায় এলাকায়
উত্তেজনা ও বিরোধের সৃষ্টি
হয়েছে।
মামলা সূত্রে জানা যায়, শায়েস্তাগঞ্জ উপজেলার অলিপুর মৌজায় বাদশা কোম্পানির পূর্বদিকে অবস্থিত ১৪ শতক জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। জমিটি নিয়ে মাধবপুর উপজেলার বাঘাসুরা ইউনিয়নের রাধাপুর গ্রামের মৃত ছবুর হোসেনের ছেলে নুর উদ্দিন নুরধন, শাহরিয়ার হোসেন তাউছ ও এখলাছ হোসেন
এলাছ গংদের সঙ্গে একই গ্রামের মৃত মোক্তার হোসেনের ছেলে কামাল হোসেন, আলাউদ্দিন, কানু মিয়া ও সানু মিয়া
এবং নাসিরনগর উপজেলার ধরমন্ডল গ্রামের প্রবাসী শামীম মিয়ার বিরোধ রয়েছে।
মামলার অভিযোগে বলা হয়, নুরধন গংদের অগোচরে তাঁদের জমি থেকে আলাউদ্দিন নুরধনের স্বাক্ষর জাল করে প্রবাসী শামীম মিয়ার কাছে বিক্রি করেন। পরবর্তী সময়ে শামীম মিয়ার পক্ষে তাঁর বোন মাসকুরা ও বোনের স্বামী
শহীদ মিয়া জমিটি দখলে নিতে গেলে বিষয়টি নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ দেখা দেয়। এ ঘটনায় নুরধনসহ
তাঁর তিন ভাই ২০২৫ সালে যুগ্ম জেলা জজ আদালতে মামলা দায়ের করেন।
মামলাটি বিচারাধীন থাকা অবস্থায় শামীম মিয়ার পক্ষে মাসকুরা ও শহীদ মিয়া
বিরোধপূর্ণ জমিতে জোরপূর্বক স্থাপনা নির্মাণ শুরু করেন বলে অভিযোগ করেন বাদীপক্ষ। এ পরিস্থিতিতে নুরধন
পুনরায় আদালতের শরণাপন্ন হলে গত ১৬ নভেম্বর আদালত বিরোধপূর্ণ জমিতে উভয় পক্ষকে স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ দেন। তবে আদালতের ওই নির্দেশনা উপেক্ষা করেই নির্মাণকাজ অব্যাহত রাখা হয়েছে বলে অভিযোগ ভুক্তভোগীদের।
ভুক্তভোগী নুর উদ্দিন নুরধন বলেন, আদালতের আদেশের বিষয়টি অবগত থাকার পরও অভিযুক্তরা নির্মাণকাজ চালিয়ে যাচ্ছেন। এতে জমির প্রকৃতি ও অবস্থার পরিবর্তন
ঘটছে এবং বিচারাধীন মামলার বিষয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
ভুক্তভোগী শাহরিয়ার হোসেন তাউছ বলেন, ‘আমরা আদালতের প্রতি সম্মান রেখে আইনি প্রক্রিয়ায় বিরোধ নিষ্পত্তির চেষ্টা করছি। কিন্তু প্রতিপক্ষ আদালতের নির্দেশনা অমান্য করে নির্মাণকাজ চালিয়ে যাচ্ছে। আমরা এ ঘটনার সুষ্ঠু
তদন্ত ও আদালতের আদেশ
বাস্তবায়ন চাই।’
এ অবস্থায় বিরোধপূর্ণ জমিতে নির্মাণকাজ বন্ধ, আদালতের নির্দেশনা কার্যকর এবং অভিযোগের সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।