শেখ হাসিনার প্রত্যাবর্তনের দাবিতে টুঙ্গিপাড়ার বর্নি বাজারে বিক্ষোভ মিছিল ও মিলাদ মাহফিল
গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার বর্ণী বাজারে শেখ হাসিনার প্রত্যাবর্তনের দাবিতে বিক্ষোভ মিছিল ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। প্রবাসী ইসমাইল হোসেন প্রধানের নেতৃত্বে এবং তাঁর অর্থায়নে আয়োজিত এ কর্মসূচিতে বর্ণী ইউনিয়নের স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেলে বর্ণী বাজার থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে বর্ণী উচ্চ বিদ্যালয় মাঠে গিয়ে শেষ হয়। এ সময় অংশগ্রহণকারীরা শেখ হাসিনার প্রত্যাবর্তনের দাবিতে বিভিন্ন স্লোগান দেন। মিছিলে ‘জয় বাংলা’, ‘জয় বঙ্গবন্ধু’, ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’, ‘শেখ হাসিনার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’সহ বিভিন্ন স্লোগান শোনা যায়।
মিছিল শেষে বর্ণী উচ্চ বিদ্যালয় মাঠে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন স্থানীয় নেতাকর্মীরা। এ সময় বক্তারা শেখ হাসিনার প্রত্যাবর্তনের দাবিতে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। পাশাপাশি আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে সাংগঠনিক কার্যক্রম চালিয়ে যাওয়ার কথা বলেন।
সমাবেশে নজরুল শেখ তাঁর বক্তব্যে বলেন, “আমাদের নেত্রী বলেছেন, তিনি আসবেন। তাই কেউ ভয় পাবেন না, সবাই ঐক্যবদ্ধ থাকবেন।” এ সময় তিনি নেতাকর্মীদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিষয়ে সতর্ক থাকার এবং যেকোনো পরিস্থিতিতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ শেষে প্রবাসী ইসমাইল হোসেন প্রধানের (রূপগঞ্জ, নারায়ণগঞ্জ) অর্থায়নে মিলাদ মাহফিল ও খিচুড়ি বিতরণের আয়োজন করা হয়। এতে স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
উল্লেখ্য, শেখ হাসিনার প্রত্যাবর্তনের দাবিকে কেন্দ্র করে আয়োজিত এ কর্মসূচিতে স্থানীয় নেতাকর্মীরা তাঁদের রাজনৈতিক অবস্থান ও দাবি তুলে ধরেন।